বাংলাদেশের সংগীত অঙ্গনের এক পরিচিত নাম শুভেন্দু দাস শুভ। গায়ক, সুরকার ও সংগীত পরিচালক—তিন ভূমিকাতেই সমান দক্ষ তিনি। তবে নিজেকে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন সংগীত পরিচালকের আসনে। গত দেড় যুগে ধারাবাহিকভাবে শ্রোতাদের উপহার দিয়েছেন নানা ঘরানার গান ও সুরের অভিনব আয়োজন। তার হাতে সুর ও সংগীতায়োজনে তৈরি বহু গান এরই মধ্যে জায়গা করে নিয়েছে শ্রোতাদের হৃদয়ে।

সাম্প্রতিক সময়ের অন্যতম হিট গান ‘গুলবাহার’-এর পেছনেও রয়েছেন এ সংগীতশিল্পী। ‘লালবাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীর আদুরে মেয়ে নাম ছিল তার গুলবাহার’—এ কথার গানটি লিখেছেন, সুর করেছেন ও গেয়েছেন ইশান মজুমদার। আর গানটির প্রযোজনা ও সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন শুভ। যদিও নিজের চেয়ে অন্যের কণ্ঠে গান ফুটিয়ে তুলতেই বেশি আনন্দ পান এ শিল্পী।

শুধু ব্যক্তিগত প্রজেক্টেই নয়, কোক স্টুডিও বাংলার সঙ্গেও নিয়মিত কাজ করছেন শুভ। ‘মুড়ির টিন’, ‘বুলবুলি’, ‘লং ডিসট্যান্স লাভ’, ‘দাঁড়ালে দুয়ারে’সহ কোক স্টুডিওর জনপ্রিয় বেশকিছু গানে তার সংগীতায়োজন ও গিটারবাদন ব্যাপক প্রশংসা পেয়েছে। এর মধ্যে ‘মুড়ির টিন’-এ কণ্ঠও দিয়েছেন তিনি।

শুভর গাওয়া প্রথম মৌলিক গান ছিল ‘ফাগুন বেলায়’, লিখেছিলেন মৌমিতা রায়, সুর করেছিলেন শুভ নিজে। সেই গান দিয়েই শুরু হয়েছিল তার সংগীতজীবনের যাত্রা। বর্তমানে তিনি কাজ করছেন একগুচ্ছ নতুন গানের প্রজেক্টে। শিগগিরই প্রকাশ পাবে তার গাওয়া ‘মেঘেদের ভেসে যাওয়া’ ও ‘মন খুঁজে প্রেম নেব’ গান দুটি। প্রথমটি লিখেছেন আবদুল্লাহ আল ইমরান, দ্বিতীয়টি অটোমনাল মুন; দুটো গানেরই সুর ও সংগীত শুভর।