জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এবার ওপার বাংলায় নতুন সিনেমার কাজ করতে যাচ্ছেন এ অভিনেত্রী। টালিউড সিনেমা ‘আরও এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয় ফারিণের। প্রথম সিনেমাতেই প্রশংসিত হয় তাঁর অভিনয়। পেয়েছিলেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা পুরস্কার। বিপ্লব গোস্বামীর ‘পাত্রী চাই’ ও অভিজিৎ সেনের ‘প্রজাপতি ২’ সিনেমায় অংশগ্রহণের কথা থাকলেও ভিসা জটিলতার কারণে সে প্রজেক্টগুলোয় অভিনয় করতে পারেননি।
এবার তিনি ওপার বাংলায় নতুন চমক নিয়ে ফিরছেন। প্রায় ১০ বছরের বিরতির পর বাংলা সিনেমা নির্মাণে ফিরেছেন অনিরুদ্ধ রায়চৌধুরী। তার পূর্ববর্তী সিনেমা ‘ডিয়ার মা’ গত জুলাইয়ে মুক্তি পেয়েছিল, যেখানে অভিনয় করেছিলেন জয়া আহসান। এবার অনিরুদ্ধের নতুন সিনেমায় দেখা যেতে পারে চঞ্চল চৌধুরীর সঙ্গে ফারিণকে।
চঞ্চল চৌধুরী জানালেন, তারা দুজনই সম্প্রতি কলকাতায় অনিরুদ্ধ রায়চৌধুরীর সঙ্গে সিনেমা নিয়ে আলাপ করেছেন। চঞ্চল বলেন, ‘আমরা জানতাম না দুজনই কলকাতায় আছি, সবই কাকতালীয়। সিনেমার শুটিং ও মিটিং করার জন্য আলাদাভাবে এসেছি। পরে দেখা হয় এবং জানতে পারি দুজনই এখানে আছি।’
অনিরুদ্ধের নতুন সিনেমায় দুজনকে একই ফ্রেমে দেখা যাবে কিনা—এমন প্রশ্নের উত্তরে চঞ্চল বলেন, ‘এখনো নিশ্চিত নয়। তবে কথাবার্তা চলছে। আশা করি আমরা একসঙ্গে কাজ করব।’ ফারিণও জানান, ‘কথা হচ্ছে। দেখা যাক। এর বেশি কিছু বলতে পারব না।’
ফারিণ ও চঞ্চলের সম্ভাব্য জুটি চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।










