সবসময় বি টাউনের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন জনপ্রিয় অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। আসন্ন সিনেমা ‘ইমারজেন্সি’র টিজার দিয়ে আবারো সবার নজর কেড়েছেন এ তারকা। গতকাল প্রকাশিত হয়েছে ইমারজেন্সির টিজার। এ সিনেমায় ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির টিজার ও পোস্টার প্রকাশ করে কঙ্গনা ক্যাপশনে লিখেছেন, ‘বিশ্বের ইতিহাসে অন্যতম শক্তিশালী ও বিতর্কিত নারীর চরিত্রে কাজ করছি। ইমারজেন্সির শুটিং শুরু হলো।’

১ মিনিট ২১ সেকেন্ডের টিজারে দেখানো হয় একজন ব্যক্তি ফোনে কথা বলছেন। কথা শেষ করে সুবিশাল অফিসে ফাইল নিয়ে দাঁড়িয়ে থাকা একজন নারীর দিকে এগিয়ে যান লোকটি। ফাইলে সই আর লুক থেকেই স্পষ্ট হয়ে যায় এ নারীই ইন্দিরা গান্ধী। ওই ব্যক্তিটি সে সময়ে তত্কালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে জিজ্ঞাসা করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে ম্যাডাম বলে সম্বোধন করবেন কিনা তা জানতেই ফোন এসেছিল অফিসে? জবাবে ইন্দিরা গান্ধী বলেন, প্রেসিডেন্টকে জানিয়ে দিন আমার অফিসে সবাই আমাকে স্যার বলে ডাকে।

টিজারের লুক দিয়ে সবাইকে অবাক করেছেন কঙ্গনা রানাওয়াত। চলাফেরা ও গলার স্বরে আমূল পরিবর্তন এনেছেন এ অভিনেত্রী। ১৯৭৫ সালের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মাণ করা হচ্ছে ইমারজেন্সি। আগামী বছরেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে সিনেমাটি।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া