খুলনা কাঁপিয়ে এবার সারা দেশে মুক্তি পাচ্ছে ফুটপ্রিন্ট ফিল্ম প্রডাকশনের সিনেমা— তাওকীর ইসলামের দেলুপি। আজ থেকে দেশের ছয়টি হলে প্রদর্শিত হবে এটি।
প্রথম সপ্তাহে যে যে হলে দেলুপি মুক্তি পাচ্ছে তা হলো ঢাকায় স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি শপিং মল), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), রাজ তিলক সিনেমা হল (রাজশাহী), গ্র্যান্ড রিভারভিউ সিনেপ্লেক্স (রাজশাহী) ও মম ইন মুভি থিয়েটার (বগুড়া)।
দেলুপি খুলনায় মুক্তি পায় ৭ নভেম্বর। এ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সবসময় থাকে একটা ভিন্ন ফ্লেভার। এর আগে তাওকীর ২০২২ সালে রাজশাহী শহরকে কেন্দ্র করে ওটিটি প্লাটফর্মের জন্য নির্মাণ করেন ‘শাটিকাপ’, যা সমালোচক ও দর্শক—সবার মনোযোগ কাড়ে। পরে ২০২৪ সালের ‘সিনপাট’—আরো একবার আলোচনায় আনে তরুণ এ পরিচালককে।
দেলুপির আছে বেশকিছু বিশেষ বিষয়। সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সবাই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো. জাকির হোসেনসহ আরো অনেকে। মাটির কাছের গল্প বলতে চেয়েছেন তাওকীর। সেজন্য ওই মাটিকে চেনা মানুষদেরই নিয়ে এসেছেন তিনি ক্যামেরার সামনে। এরই মধ্যে খুলনায় সিনেমাটি দর্শকপ্রিয়তা পেয়েছে।










