নতুন প্রজন্মের দম্পতির সংসারে টানাপড়েন, অভিমান ও অপ্রত্যাশিত ডিভোর্স উদযাপনের গল্প নিয়ে ইউটিউব ফিল্ম ‘সহযাত্রী’। এটি এরই মধ্যে দর্শকের নজর কেড়েছে। সমকালীন দাম্পত্য জীবনের চেনা সংকটকে নতুন আঙ্গিকে ফুটিয়ে তোলা এই ফিল্মটি দেখিয়েছে—ভালোবাসা কেবল বলা নয়, প্রমাণও প্রয়োজন প্রতিদিন, এমনকি বিয়ের পরও।

ফিল্মটি ১৩ সেপ্টেম্বর সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পেয়েছে এবং মাত্র পাঁচদিনে প্রায় ৪০ লাখ ভিউ অর্জন করেছে। সোয়া ১ ঘণ্টার এ গল্পে দেখা যায় জয় ও অবনীর সম্পর্কের শুরুতে রোমান্টিক আবেগ কীভাবে অহংকার, ভুল বোঝাবুঝি ও পারস্পরিক দোষারোপে ভেঙে পড়ে। ছোটখাটো ঝগড়া বড় দ্বন্দ্বে রূপ নেয়, যা শেষ পর্যন্ত ডিভোর্স সিদ্ধান্তে গড়ে তোলে। তবে স্বামী-স্ত্রীর এ সিদ্ধান্ত উদযাপনের আকারে ধরা দেয়—অতীতের আনন্দ ও নতুন পথচলার সংমিশ্রণে।

ফিল্মের কাহিনী ও সংলাপ সমসাময়িক দাম্পত্য জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে। বিশেষ করে দর্শকদের মনে স্থান করে নিয়েছে সংলাপগুলো—‘ভালোবাসা শুধু বলা নয়, প্রমাণও দরকার। প্রতিদিন, বিয়ের পরও’, ‘যেখানে ত্যাগ নেই সেখানে ভালোবাসা বাঁচে না’, ‘ভালোবাসায় যত্ন নিতে হয়’। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, রচনা করেছেন জোবায়েদ আহসান। অভিনয়ে প্রধান চরিত্রে ছিলেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা, যাদের সংলাপ ও অভিব্যক্তি নতুন প্রজন্মের ভালোবাসা ও সম্পর্কের টানাপড়েনকে প্রাণবন্ত করেছে।