৫৯তম কার্লোভি ভ্যারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতল বাংলাদেশী সিনেমা ‘বালুর নগরীতে’, যার ইংরেজি নাম ‘স্যান্ড সিটি’। মাহদী হাসান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য এ সিনেমা উৎসবে প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স অর্জন করে নিয়েছে।
চেক প্রজাতন্ত্রের কার্লোভি ভ্যারি শহরে ৪ জুলাই বসে ৫৯তম উৎসব। পুরস্কার ঘোষণার মাধ্যমে ১২ জুলাই পর্দা নামে উৎসবের। এবারের আসরে ছিল কিছু চমকপ্রদ ঘটনা ও বিশ্ব সিনেমার দাপুটে মানুষের সমাবেশ। যে উৎসবে বাংলাদেশের জন্য সবচেয়ে গর্বের সংবাদটি বয়ে আনলেন মাহদী হাসান। তার পরিচালিত ‘বালুর নগরীতে’ সিনেমাটি প্রক্সিমা গ্র্যান্ড প্রিক্স হিসেবে ১৫ হাজার মার্কিন ডলার জিতে নিয়েছে।
প্রক্সিমা বিভাগের মূল পুরস্কারটি অর্জন করেছে বাংলাদেশের নির্মাতা মাহদী হাসানের সিনেমাটি, যা এ বিভাগের সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে। আন্তর্জাতিক জুরি সিনেমাটিকে আখ্যা দিয়েছেন এভাবে—‘একটি অনন্য বয়ান, যেখানে নীরবতা ও নিঃসঙ্গতা হয়ে ওঠে এক গভীর মানবিক ভাষা।’
এ পুরস্কার শুধু অর্থনৈতিক নয়, বরং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের স্বাধীন ও বিকল্পধারার চলচ্চিত্রকে স্বীকৃতি দেয়ার এক বড় মুহূর্ত।










