সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ কোর্টরুম ড্রামা ও ক্রাইম থ্রিলার ঘরানার সিনেমায় অভিনয় করছেন জনপ্রিয় দুই অভিনেত্রী মৌসুমী হামিদ ও তানিয়া বৃষ্টি।

মৌসুমী হামিদ নিয়মিতভাবে সিনেমায় কাজ না করলেও চরিত্র বেছে নিতে বেশ সচেতন। গত বছরের শেষ দিকে মুক্তি পেয়েছিল তার অভিনীত ‘নয়া মানুষ’। এরপর বেশ কয়েকজন পরিচালকের সঙ্গে গল্প নিয়ে আলোচনা হলেও পছন্দসই স্ক্রিপ্ট না পাওয়ায় নতুন কোনো সিনেমার কাজ শুরু করেননি তিনি। সম্প্রতি চট্টগ্রামে নতুন একটি সিনেমার শুটিং শেষ করে ঢাকায় ফিরেছেন মৌসুমী। গতকাল থেকে আবার শুটিং শুরু করেছেন। টানা পাঁচদিন তিনি অংশ নেবেন ট্রাইব্যুনালের শুটিংয়ে।

সিনেমায় তাকে দেখা যাবে এক ব্যতিক্রমী চরিত্রে। এ প্রসঙ্গে মৌসুমী হামিদ বলেন, ‘হাতেগোনা কয়েকটি সিনেমায় আমি অভিনয় করেছি। কোনোটিতে নিজেকে চ্যালেঞ্জ করে এমন কোনো চরিত্র পাইনি। এবার ট্রাইব্যুনালে আমি নেগেটিভ রোলে কাজ করছি। বন্ধুরূপী শত্রু যাকে বলে, আমার চরিত্রটি তেমনই। মানুষ হিসেবে যা নই, সে ধরনের চরিত্রে কাজ করার মধ্যে চ্যালেঞ্জ থাকে। অভিনয় দিয়ে তা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। পরিচালক রায়হান খান আমাকে এ ধরনের চরিত্রে ভাবার জন্য তার প্রতি কৃতজ্ঞ।’

অন্যদিকে ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিও দীর্ঘ বিরতির পর এ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফিরছেন। নাটকে নিয়মিত হলেও সিনেমায় তাকে খুব একটা দেখা যায়নি। ২০১৫ সালে আকরাম খান পরিচালিত ‘ঘাসফুল’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় তার যাত্রা শুরু হয়। এরপর ২০১৯ সালে অভিনয় করেন ‘গোয়েন্দাগিরি’ সিনেমায়। এবার তিনি ছয় বছর বিরতির পর আবার বড় পর্দায় ফিরছেন ট্রাইব্যুনালের মাধ্যমে।

তানিয়া বৃষ্টি বলেন, ‘ভালো গল্প ও চরিত্রের অপেক্ষায় ছিলাম। অবশেষে ট্রাইব্যুনালের মাধ্যমে সে অপেক্ষা শেষ হলো। সিনেমার পরিচালক রায়হান খানকে আমি আমার গুরু মানি, কারণ তার হাত ধরেই আমার প্রথম কাজ হয়েছিল। তিনি যখন আমাকে গল্পটা শোনালেন, তখনই মনে হয়েছে কাজটি করা উচিত। বলতে পারেন, সিনেমাটি করার দুটি কারণ, প্রথমত গল্প ও দ্বিতীয়ত পরিচালক। সিনেমাটি নিয়ে আমি অনেক এক্সাইটেড। সিনেমায় আমার চরিত্রের নাম জেসমিন। আমাকে ঘিরেই গল্প এগোয়। প্রথম লটের শুটিং শেষ করেছি, আবার চট্টগ্রামে দ্বিতীয় লটের শুটিং শুরু হয়েছে। সেখানে অংশ নিয়েছি।’

পরিচালক রায়হান খান জানান, ট্রাইব্যুনাল একটি অসাধারণ গল্পের সিনেমা। এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। সিনেমাটি কোর্টরুম ড্রামা হলেও এর ভেতর আছে ক্রাইম থ্রিলারের টানটান উত্তেজনা। গল্পটি ন্যায়বিচার, নৈতিকতা ও প্রতিটি রায়ের পেছনের রাজনীতি নিয়ে। দর্শক সিনেমাটি দেখে মুগ্ধ হবে বলে আমার বিশ্বাস।’

এতে দুই অভিনেত্রীর বিপরীতে থাকছেন আদর আজাদ। অন্যদের মধ্যে আছেন তারিক আনাম খান, রাকিব হোসেন ইভন, সায়রা আক্তার জাহানসহ আরো অনেকে।

উল্ল্যেখ্য, এ সিনেমায় নুসরাত ফারিয়ার অভিনয়ের কথাও শোনা যাচ্ছে।