‘জওয়ান’-খ্যাত পরিচালক অ্যাটলি কুমার
দাবি করেছেন, সাম্প্রতিক সাফল্যের পর হলিউড থেকে সিনেমা তৈরির প্রস্তাব পেয়েছেন। কিন্তু
প্রস্তাবগুলো প্রত্যাখান করেছেন। কারণ হিসেবে জানান, সিনেমা নিয়ে তার নিজস্ব বিশ্বাস
রয়েছে। ভালোবাসা থেকেই সিনেমা নির্মাণ করা উচিত, আর্থিক লাভের জন্য নয়।
ফিল্ম কম্প্যানিয়নকে দেয়া সাক্ষাৎকারে
নিজের সিনেমা দর্শন বিস্তারিত বর্ণনা করেন দক্ষিণ সিনেমার এ বড় পরিচালক।
তার নির্মাণ নৈপুণ্যের ওপর অর্থ নয়
ভালোবাসা জোর বেশি। অ্যাটলি বলেন, ‘ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছুই নেই। আমার কাজের
জন্য কোনো গাণিতিক সূত্র নেই। আমার নৈপুণ্য হলো ভালোবাসার বিষয়ে। আমার যদি কোনো বিষয়ের
প্রতি ভালোবাসা না থাকে, তাহলে আমি সে কাজটি করতে পারি না। সৃজনশীলভাবে একটা কিছু তৈরি
করতে আমাকে তার প্রেমে পড়তে হবে।’
তিনি আরো বলেন, ‘সততার সঙ্গে ভালোবাসা
আসে। আপনি আমাকে কিনে নিতে পারবেন না, কিন্তু ভালোবাসতে পারবেন ও প্রতিদানে ভালোবাসা
পাবেন। ভালোবাসা ছাড়া আমি কিছুই সৃষ্টি করতে পারি না।’
হলিউড থেকে ডাক পাওয়ার সূত্র সম্পর্কে
অ্যাটলি বলেন, ‘হলিউডের অনেকে আমাদের সিনেমায় কাজ করে। অ্যাকশন ডিরেক্টর স্পিরো রাজাতোস
আমাদের সঙ্গে কাজ করেছেন। তাই স্পিরো ও হলিউডের অন্যান্য বড় পরিচালক ও প্রযুক্তিবিদরা
’জওয়ান’-এর একই স্ক্রিনিংয়ে ছিলেন। স্পিরো তাদের জানান যে আমি এ ছবিতে অ্যাকশন করেছি।
কারণ তারা জিজ্ঞাসা করেছিল শাহরুখের আগুনে পোড়ার দৃশ্যটি কে করেছিল।’
অ্যাটলি জানান, তখন তারা আমার সঙ্গে
যোগাযোগ করেন। হলিউডে কাজ করতে আগ্রহী কিনা জানতে চান। কিন্তু শুধু অর্থের লোভে হলিউডে
যেতে চান না তিনি।
শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেথুপতি
ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘জওয়ান’ গতকাল রোববার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত ভারতীয় বক্স
অফিসে ৫৬০ কোটি রুপির বেশি আয় করেছে। যা শুধু কিং খানের রেকর্ডধারী ‘পাঠান’কে ছাড়িয়ে
যায়নি, ভারতের বাজারে শীর্ষ আয়ের এক নম্বর ছবি এখন।










