‘পাঠান’-এর পর আরেক দফা অ্যাকশন অবতারে হাজির হচ্ছেন শাহরুখ খান। এটলি কুমার পরিচালিত এই ছবি ‘জওয়ান’ পূর্বঘোষিত সময় থেকে পরে আসবে বড়পর্দায়।

‘জওয়ান’ হতে যাচ্ছে শাহরুখের প্রথম সর্বভারতীয় চলচ্চিত্র। অভিনয়ে আরো আছেন বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার ও নয়নতারা।

আগামী ২ জুন মুক্তির কথা থাকলেও সেই তারিখ স্থগিত হয়েছে। এর বদলে গান্ধী জয়ন্তী উপলক্ষে ২ অক্টোবর বা ২৪ অক্টোবর দশেরায় মুক্তি পেতে পারে।

বক্স অফিস ওয়ার্ল্ডওয়াইড জানায়, ‘জওয়ান’-এ প্রচুর ভিএফএক্সের কাজ থাকছে। ইফেক্টস যাতে ঠিকঠাক আসে, তাই পোস্ট-প্রডাকশনে বাড়তি সময় নিচ্ছেন নির্মাতা।

কোনোভাবেই যেন মানে ঘাটতি না হয়, নির্মাতার পাশাপাশি কিং খানও তাই চাইছেন। এ হিসেবে এপ্রিলে পুরোপুরি শুটিং শেষ হলেও সম্পাদনার কাজ দীর্ঘ হবে।

ধারণা করা হচ্ছে, ২ অক্টোবর অন্য কোনো সিনেমার জন্য নির্ধারিত না হলেও সরে আসবে ‘জওয়ান’। কারণ মাত্র সপ্তাহ আগে মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। এ অভিনেতা পরপর ফ্লপ দেখলেও নতুন সিনেমাটির নির্মাতা ‘কেজিএফ’-খ্যাত প্রশান্ত নীল।

অক্টোবরের শেষ সপ্তাহকে জুতসই মনে করতে পারেন ‘জওয়ান’ সংশ্লিষ্টরা। এ হিসেবে ইয়াশরাজ স্পাই ইউনিভার্সের পরের কিস্তি ‘টাইগার থ্রি’র এক মাস পর মুক্তি পাবে ‘জওয়ান’। এই ছবিতে রয়েছে শাহরুখের দীর্ঘ ক্যামিও। আর দুই মাস বিরতিতে ডিসেম্বরের শেষে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ও রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’।