সর্বশেষ ‘জংলি’ সিনেমার মাধ্যমে আলোচনায় ছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা বুবলী। এরপর খানিকটা নীরবতা। তবে সেই নীরবতা ভেঙে এবার বুবলী ফিরলেন নতুন খবর নিয়ে।

কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়ে সময় কাটিয়েছেন শাকিব খানের সঙ্গে। দেশে ফেরার পরও ছিলেন বেশ চুপচাপ। ফলে ভক্তদের মধ্যে বাড়ছিল কৌতূহল, কবে আসছে বুবলীর নতুন সিনেমা? অবশেষে সে অপেক্ষার অবসান হলো। ঘোষণা এল তার নতুন সিনেমা ঢাকাইয়া দেবদাসের।

এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বুবলী। তার বিপরীতে রয়েছেন তরুণ নায়ক আদর আজাদ। সিনেমাটি পরিচালনা করছেন জাহিদ হোসেন। তিনি জানিয়েছেন, এটি আধুনিক ভালোবাসা ও সম্পর্কের ভাঙাগড়ার গল্প। আদর আজাদ থাকছেন এক ব্যর্থ প্রেমিক চরিত্রে আর বুবলী থাকছেন মূল নারী চরিত্রে।

রাজধানীতে গত শুক্রবার অনুষ্ঠিত হয় সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়ে বুবলী বলেন, ‘সিনেমার নাম শুনেই এর গল্প সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। গল্পটি দারুণ সুন্দর ও গোছানো। বর্তমান সময়ের বেশির ভাগ সিনেমা অ্যাকশন ধারায় নির্মিত। তার মধ্যে প্রেম-বিরহের গল্প নিয়ে তৈরি এ সিনেমা দর্শকের ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

সে অনুষ্ঠানের দিনই শুরু হয়েছে সিনেমাটির শুটিং। নায়ক আদর আজাদ বলেন, ‘বুবলী দারুণ একজন অভিনেত্রী। তার সঙ্গে আগেও কাজের অভিজ্ঞতা আছে আমার। এবারো গল্পের প্রয়োজনে আমরা একসঙ্গে। আমার বিশ্বাস, সিনেমাটি দর্শকের ভালো লাগবে।’

তিনি আরো জানান, সিনেমার গল্পে দেবদাসের ছায়া থাকলেও এটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে নির্মিত। প্রেম, বিরহ ও গভীর অনুভূতির মিশেলে তৈরি এ গল্প দর্শকের মন ছুঁয়ে যাবে বলে আশা করছেন নির্মাতা।

এর আগে বুবলী ও আদর একসঙ্গে অভিনয় করেছেন ‘তালাশ’, ‘লোকাল’, ‘পিনিক’ ও ‘খেলা হবে’ সিনেমায়। দর্শকপ্রিয় সে জুটিকে আবার বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন ভক্তরা।

এদিকে বড় পর্দার পাশাপাশি বুবলী এখন আলোচনায় রয়েছেন তার সাম্প্রতিক রাজকীয় ফটোশুট নিয়ে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিগুলোয় দেখা যায়, অফ-শোল্ডার সাদা ফুলেল টপ ও কালো গাউনে বিলাসবহুল স্পোর্টস কারের বনেটে বসে আছেন তিনি।