ছেলে আরিয়ান খানের জামিন পেতে দীর্ঘ সময় লাগায় বেশ কয়েক সপ্তাহ দুশ্চিন্তায় কাটিয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। তবে জন্মদিনের আগেই জেল থেকে মুক্তি পেয়ে ঘরে ফেরেন আরিয়ান। দুঃসহ পরিস্থিতি কাটিয়ে উঠে অবশেষে কাজে ফিরতে যাচ্ছেন বলিউড বাদশাহ। তার পরও এক অজানা আতঙ্ক যেন তার। ছেলেকে নিয়ে ভীষণভাবে চিন্তিত শাহরুখের পরিবার।

তাই ২৮ দিন পর জামিনে কারামুক্ত আরিয়ানের নজরদারি ও নিরাপত্তায় কোনো রকম কমতি রাখতে চান না শাহরুখ খান। আরিয়ানের জন্য একজন বিশ্বাসযোগ্য নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করেছেন কিং খান। চোখ বন্ধ করে ভরসা করতে পারা এই নিরাপত্তারক্ষী আর কেউ নন, তিনি শাহরুখেরই বডিগার্ড রবি সিং। যিনি বহু বছর ধরে শাহরুখের সঙ্গে আছেন, আর বর্তমানে তিনি খান পরিবারের একজন সদস্য।

গত ২ অক্টোবর মাদক মামলায় আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই সিনেমার সব ধরনের কাজ থেকে সাময়িক বিরতি নেন শাহরুখ খান। ছেলে জেলে থাকা অবস্থায় জানান, জামিন পেলে ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনের পরেই কাজে ফিরবেন তিনি।

মূলত দীপিকার সঙ্গে পাঠানের শুটে স্পেনে পাড়ি জমাবেন ম্যায় হু না সিনেমার এ অভিনেতা। তবে তিনি যে সময় মুম্বাইয়ে থাকবেন না, সেই সময় যেন আরিয়ানের নিরাপত্তায় কোনো ঘাটতি না হয়, সেদিকে খেয়াল রাখতেই এই বিশেষ ব্যবস্থা নিয়েছেন বলিউড বাদশাহ। 

অন্যদিকে প্রতি শুক্রবার হাজিরা দেয়ার জন্য আরিয়ানকে ডাকা হচ্ছে ভারতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে (এনসিবি)। পাশাপাশি প্রমোদতরীতে মাদক মামলায় নতুন তদন্তকারী টিম গঠন করা হয়েছে, তারা জেরার জন্য আরিয়ানকে যখন-তখন সমন পাঠাতে পারে।

গত ২ অক্টোবর মুম্বাইয়ের একটি প্রমোদতরী থেকে আরিয়ান খানসহ মোট আটজনকে আটক করে এনসিবির একটি দল। সেই তদন্তকারী দলের নেতৃত্বে ছিলেন সামির ওয়াংখেড়ে। এরপর কয়েক দফা মামলার শুনানি হয়। তবে জামিন পেতে দেরি হয় আরিয়ানের। এরপর গত ২৮ অক্টোবর জামিন পান আরিয়ান খান।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া