চিত্রনায়ক জায়েদ খানের বিরুদ্ধে হাইকোর্টের রায়ের ‘ভুয়া সার্টিফায়েড কপি’ দেখিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে শপথ নেয়ার অভিযোগ তুলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

জায়েদ খানের পক্ষে দেওয়া হাইকোর্টের রায়ের পর গত শুক্রবার বিকেলে তাকে শপথবাক্য পাঠ করান ইলিয়াস কাঞ্চন। তার দুদিন পর গতকাল সোমবার রাতে এফডিসিতে এক সংবাদ সম্মেলন ডেকে ইলিয়াস কাঞ্চন জানালেন, শপথ নেয়ার আগে ভুয়া সার্টিফায়েড কপি দেখিয়েছেন জায়েদ খান; ফলে তার শপথের কোনো গ্রহণযোগ্যতা থাকছে না।

শপথ নেয়ার আগে একটি সার্টিফায়েড কপি দেখিয়েছিলেন জায়েদ খান। পরে তার ফটোকপি জমা দিতে বললে তিনি আরেকটি সার্টিফিকেটের ফটোকপি জমা দিয়েছেন। শপথ নেয়ার জন্য হাইকোর্ট থেকে তার পক্ষের রায়ের সার্টিফায়েড কপি দেখায়নি। তিনি ছলনার আশ্রয় নিয়েছেন। সত্যের বিপরীতে গিয়ে তিনি এ কাজটি করেছেন। শিল্পী সমিতির সভাপতিকে ধোঁকায় ফেলেছেন বলেও উল্লেখ করেন ইলিয়াস।

শপথ নেয়ার পর শিল্পী  সমিতির বৈঠকেও অংশ নিয়েছিলেন জায়েদ খান; সেই বৈঠকের কার্যকারিতা থাকছে না বলেও জানান ইলিয়াস। তিনি আরো বলেন, জায়েদ সাহেবের শপথ কোনোভাবেই আর গ্রহণযোগ্য নয়। আসল সার্টিফিকেট কপি না দেয়ার কারণে সেই বৈঠকও বৈধ নয়। সেকারণে সেইদিনের মিটিং ডিসমিস করলাম। সেটা এখন আর কার্যকরী না। জায়েদ সাহেবের শপথকে আমি গ্রহণ করলাম না।

শিল্পী সমিতিকে ‘ধোঁকা দেয়ায়’ জায়েদ খানের বিরুদ্ধে শিগগিরই জরুরি বৈঠক ডেকে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন সভাপতি।

বিষয়টি নিয়ে জায়েদ খানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

জায়েদ খান ছাড়াও সেইদিন মনোয়ার হোসেন ডিপজল, অরুণা বিশ্বাস, জয় চৌধুরীও শপথ নেন। তাদের দায়িত্ব পালনে কোনো বাধা নেই বলে জানান কাঞ্চন।