ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পদত্যাগ করেছেন শেখ হাসিনা।
দেশের এ রাজনৈতিক পটপরিবর্তনে বিপ্লবী ভূমিকা রেখেছে জেনারেশন জি। ছাত্র আন্দোলনে তারা
সামনের সারিতে নেতৃত্ব দিয়েছে। এবার সে জেনারেশন জি কিংবা জেন-জিরা আসছে ছোট পর্দার
গল্পে। তাদের নিয়ে ধারাবাহিক নাটক নির্মাণের ঘোষণা দিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ।
শুক্রবার (৩০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নাটকটির একটি প্রোমো
পোস্টার শেয়ার করেছেন তিনি। শিরোনাম ‘জেন জি—তুমি কে? আমি কে?’। এর চিত্রনাট্য লিখেছেন
মেজবাহ উদ্দীন সুমন। প্রযোজনায় রয়েছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন।
নির্মাতা জানালেন, নাটকটি নির্মিত হবে রাজনৈতিক প্রহসনধর্মী ঘরানায়।
যেখানে বিদ্রুপের মাধ্যমে কাহিনী আবর্তিত হবে।
নাটকটির নির্মাণ-ভাবনা সম্পর্কে জানতে চাইলে আবু হায়াত মাহমুদ বলেন,
যিনি রাজনীতি করেন, তার কাজ রাজনীতির মাঠে। আর একজন নির্মাতার মূল কাজ—নানা ধরনের গল্পকে
সেলুলয়েডে ধারণ করা এবং সেটাকে মানুষের কাছে পৌঁছে দেয়া। একজন সাংবাদিকের কাজ সঠিক
সংবাদটা পৌঁছে দেয়া। একজন লেখকের যেমন কলম, তেমনি সেলুলয়েডই আমাদের শক্তি। সে জায়গা
থেকে আমরা একটু অন্যভাবে ভেবেছি। পলিটিক্যাল স্যাটায়ারধর্মী একটা কাজ হবে এটি।
তিনি বলেন, মূলত দুটি পরিবারের দ্বন্দ্ব এবং তা স্যাটায়ার করে পুরো
বিষয়টি উপস্থাপন করব আমরা। পাশাপাশি জেন-জির সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনকেও দেখাব।
সরাসরি আমরা এ আন্দোলনে যাব, তবে একটু ভিন্নভাবে। গল্পে একসময় দুটি বিষয়ই একীভূত হয়ে
যাবে।
অভিনয়শিল্পী কারা থাকছেন? নির্মাতা জানান, অনেকের সঙ্গে কথা হচ্ছে,
তবে এখনো চূড়ান্ত হয়নি। চিত্রনাট্যের কাজ চলছে। সব ঠিক থাকলে ১০ সেপ্টেম্বরের দিকে
এটি শুটিংয়ে গড়াবে।










