তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রে কনসার্ট ট্যুরে গিয়েছে দেশের জনপ্রিয় ব্যান্ড চিরকুট। ‘দ্য লিগ্যাসি ট্যুর-ইউএসএ ২০২৩’ শীর্ষক এ সংগীতের যাত্রা চলবে জুনের শেষ পর্যন্ত। সেখানে বিভিন্ন শহরে কনসার্ট করে বেড়াচ্ছে ব্যান্ডটি। সেই সঙ্গে ঘুরছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ঐতিহাসিক ওয়েস্টলেক স্টুডিওতে গান রেকর্ড করেছে ব্যান্ড চিরকুট। সোমবার বিখ্যাত এ স্টুডিওতে গান রেকর্ডিংয়ের অভিজ্ঞতা অর্জন করল দলটি। সত্তরের দশকে তৈরি হওয়া পৃথিবীর অন্যতম বিখ্যাত এ স্টুডিওতে মাইকেল জ্যাকসন, পল ম্যাককার্টনি, ইম্যাজিন ড্রাগনস, চেইন স্মোকার, হুইটনি হিউসটন, অ্যালানিস মরিসেট, রিয়ানা, লেডি গাগা, লানা ডেল রে, এনসিঙ্ক, ভ্যান হেলেন, জাস্টিন বিবার, আশারসহ জগদ্বিখ্যাত অসংখ্য আর্টিস্টের অ্যালবাম রেকর্ড হয়েছে ও হচ্ছে। এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইন্টারটেইনার, দ্য বিগেস্ট রকস্টার অব অল টাইম মাইকেল জ্যাকসনের ‘থ্রিলার’ অ্যালবামের পুরোটাই এখানে রেকর্ডিং হয়েছে। তার স্মৃতিও সংরক্ষিত আছে এ স্টুডিওর একটি বিশেষ কক্ষে। এমনই বিখ্যাতজনদের পদভারে মুখর, স্মৃতিমাখা অত্যাধুনিক স্টুডিওটিতে নতুন সংগীতায়োজনে তৈরি হলো চিরকুটের গান ‘আহারে জীবন’।
এ অভিজ্ঞতায় দলের অন্যতম সদস্য শারমিন সুলতানা সুমি বলেন, ‘এ অনুভূতি বলে বোঝানো যাবে না। আমাদের ব্যান্ডের ২১ বছরের পথচলায় দারুণ একটি স্মরণীয় দিন। আমরা অনেক বেশি সময় কাটিয়েছি স্টুডিওতে। বাংলাদেশ থেকে এসে আজ হলিউডের এ স্টুডিওতে, এত জগদ্বিখ্যাত মানুষের গন্ধমাখা জায়গাটায় আমরা সারা দিন রেকর্ড করেছি। সারা দিন কাটিয়েছি। মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ডুব চলচ্চিত্রে তাদের গাওয়া আহারে জীবন গানটি এখন কোটি কোটি মানুষের আবেগ। তাই সে আবেগের প্রতি সম্মান জানিয়েই ঐতিহাসিক এ স্টুডিওতে গানটি আবার রেকর্ড করলেন তারা। যা শিগগিরই প্রকাশ হতে যাচ্ছে।’










