ইন্দোনেশিয়ার একটি অতিপ্রাকৃত ভৌতিক সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। গত জুলাইয়ে ইন্দোনেশিয়ায় মুক্তির পর বেশ আলোচনা তৈরি করে সিনেমাটি। এরপর আন্তর্জাতিকভাবে মুক্তি পায় ২৫ সেপ্টেম্বর। দর্শক-সমালোচকদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া ছবিটি এবার বাংলাদেশের পর্দায়। ৩১ অক্টোবর স্টার সিনেপ্লেক্সে মুক্তি পায় এটি। ইন্দোনেশিয়ান নির্মাতা হাদ্রা দায়েং রাতু পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন ইউনিতা সিরেগার, দিন্দা কান্যদেবী প্রমুখ।
ধর্মীয় বিশ্বাস, মানব-পাপ এবং প্রতিশোধকে ঘিরে নির্মিত এক ভয়ঙ্কর আধ্যাত্মিক গল্পের সিনেমা ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’। এটি এমন এক মহিলার গল্প, যিনি বছরের পর বছর অপমান সহ্য করার পর পরিবারের ওপর প্রতিশোধ নেয়ার জন্য কালো জাদু ব্যবহার করেন। অভিশাপের ফলে পরিবারটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হওয়ার চিত্র তুলে ধরা হয়েছে। ‘সিজ্জিন’ হলো পাপীদের জন্য একটি কারাগার এবং ‘ইল্লিয়িন’ ধার্মিকদের জন্য একটি স্থানের ইসলামী ধারণাগুলোকে নির্দেশ করে, যা চলচ্চিত্রের ধর্মীয় এবং কালো জাদুর বিষয়বস্তুর দিকে ইঙ্গিত করে।
গল্পের কেন্দ্রীয় চরিত্র ইউলি নামের এক যুবতী, যার জীবন শুরু থেকেই বেদনা ও অন্যায়ের সঙ্গে জড়িত। ছোটবেলায় তার মা রহস্যজনকভাবে মারা যান, আর বাবা তাকে ছেড়ে যান। এক সময় মেয়েটি এক ধনী পরিবারের বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ নেয়। কিন্তু সেই বাড়িতেই তার শৈশবের ভয়ংকর স্মৃতির ছায়া আছে। ইউলি কাজ শুরুর পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কানাডার ফ্যান্টাসিয়া উৎসবে পরিচালক হাদ্রা দায়েং রাতু এ সিনেমার জন্য শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার পেয়েছেন।










