সৈয়দ অহিদুজ্জামান ডায়মণ্ড পরিচালিত দখিন দুয়ার সিনেমার শুটিং শেষ। এবার চলছে সিনেমাটির ডাবিং পর্ব। এ সিনেমায় অভিনয় করেছেন অধরা খান। দীর্ঘ সময় দেশের বাইরে ভ্রমণে ছিলেন এ অভিনেত্রী। এবার তিনি মন দিয়েছেন দখিন দুয়ার সিনেমাটির ডাবিং করতে। অধরা খান বলেন, ‘যুক্তরাষ্ট্র থেকে আমার কানাডা যাওয়ার কথা ছিল। কিন্তু ডায়মন্ড স্যারের ফোন পেয়ে আমাকে জরুরি ভিত্তিতেই দেশে আসতে হলো দখিন দুয়ার সিনেমার ডাবিং শেষ করার জন্য। গত সোমবার দিনব্যাপী আমি এ সিনেমার ডাবিংয়ে অংশ নিয়েছি। সব কাজ শেষ করে এখন আমার ছোট বোন অর্চির কাছে যাওয়ার জন্য অর্থাৎ কানাডা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর দখিন দুয়ার ডাবিংয়ের সময় যতটুকু দেখেছি এবং শুটিংয়ের সময়ের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে সব মিলিয়ে সিনেমাটি খুব ভালো হয়েছে। জীবন ঘনিষ্ঠ গল্পের এ সিনেমা দর্শকের কাছে ভালো লাগবে আশা করছি।’

পদ্মার চরে আটকে থাকা একটি ফেরির গল্প নিয়েই এ সিনেমা। বিপর্যয়ে পড়া ফেরিতে আটকে থাকা প্রেমিকার গল্পও রয়েছে এতে। দক্ষিণবঙ্গগামী মানুষের কিংবা নদী পারাপার হওয়া মানুষের শীতকালীন দুর্দশার একটি চিত্র শুটিং হয়েছে মাঝ নদীতে। শুটিংয়ে অংশ নিয়েছিলেন অধরা খান। অধরার সঙ্গে এ সিনেমায় রয়েছেন রকি খান। সিনেমার গল্পে উঠে আসবে পদ্মার চরে আটকে থাকা একটি ফেরির কাহিনী। এ সিনেমায় আরো অভিনয় করছেন ফেরদৌস আহমেদ ও সিমলা।

অধরা অভিনীত সর্বশেষ সিনেমা হচ্ছে ‘সুলতানপুর’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। মাজহার বাবু পরিচালিত ‘ঠোকর’ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। এতে অধরার বিপরীতে থাকবেন অভিনেতা ইভান সাইর।