ভারতের সিনেমার ইতিহাসে প্রথম দিনের সব রেকর্ড ভাঙতে যাচ্ছে কেজিএফ: চ্যাপ্টার টু। মুক্তির আগে সম্ভাব্য আয় হিসাব করে বলা হয়েছিল, প্রথম দিনের আয় হবে ১৩২-১৩৫ কোটি রুপি। কেজিএফ যদি এ পরিমাণ আয় করে, তবে এটি হবে ভারতের এ-যাবত্কালের সেরা ওপেনিং। আয় কম হলে তালিকায় সিনেমাটির অবস্থান হবে তৃতীয়।

গতকাল মুক্তি পাওয়া কেজিএফ: চ্যাপ্টার টু কর্ণাটকে সবচেয়ে বড় সাফল্য পেয়েছে। এখানে সিনেমাটি আনুমানিক ২৮ কোটি রুপি আয় করেছে। এর আগে কর্ণাটকে বাহুবলীর দ্বিতীয় পর্ব, আরআরআর ও জেমস এর অর্ধেক আয় করে। অন্যদিকে বেঙ্গালুরু সিটিতে সিনেমাটির আয় ১৫ কোটি রুপি, যা কিনা অন্যান্য সিনেমার ক্ষেত্রে পুরো রাজ্য থেকে হয় না।

একই রকমভাবে কেরালায়ও সফল হয়েছে সিনেমাটি। এখানে প্রথম দিনের আয় ৭ কোটি রুপি। এর আগে কেরালায় প্রথম দিনে সর্বোচ্চ আয় ছিল ওড়িয়ান সিনেমার (৭ কোটি ১০ লাখ রুপি)। অন্ধ্র প্রদেশে সিনেমাটির আয় আনুমানিক ২৫ দশমিক ৫০ কোটি রুপি। তামিলনাড়ুতে এর আয় আনুমানিক ৮ কোটি রুপি। তবে জানা গেছে সেখানে কেজিএফ: চ্যাপ্টার টুর জন্য অতিরিক্ত স্ক্রিনের ব্যবস্থা করতে হচ্ছে।

অন্যদিকে মুক্তির আগে ধারণা করা হয়েছিল উত্তর ভারতে সিনেমাটি ৪০ কোটি রুপির মতো আয় করবে। কিন্তু সে ধারণা ছাড়িয়ে এর আয় ৬০ কোটি রুপি পেরিয়েছে। হিন্দিভাষী অঞ্চলে অন্য ভাষার সিনেমার ক্ষেত্রে এটি সর্বোচ্চ আয়। সব মিলিয়ে সিনেমাটির প্রথম দিনের আয় হয়েছে আনুমানিক ১৩৪ কোটি রুপি।

এস এস রাজামৌলি পরিচালিত আরআরআর যেভাবে শুরু করেছিল, কেজিএফ সে তুলনায় ভালো শুরু করেছে। আয়ের পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছে। সেদিক দিয়ে আশা করা যায়, আয় বাড়তে থাকবে। প্রশান্ত নীল পরিচালিত সিনেমাটি ভারতীয় সিনেমার ব্যবসার ক্ষেত্রে আরো চমক দেখাবে বলে বক্স অফিস বিশেষজ্ঞদের ধারণা।

 

সূত্র: পিঙ্কভিলা