ঈদের তৃতীয় সপ্তাহেও উৎসবের আমেজ ধরে রেখেছে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো। শুরুতে কম সংখ্যক শো দিয়ে যাত্রা শুরু করলেও সময়ের সঙ্গে বাড়ছে সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমার চাহিদা।
প্রথম সপ্তাহে স্বল্প সংখ্যক প্রদর্শনী থাকলেও দ্বিতীয় সপ্তাহে শো দ্বিগুণ করা হয়। তৃতীয় সপ্তাহে এসে আরো বেড়েছে জংলির শো সংখ্যা।
গতকাল থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখা মিলিয়ে প্রতিদিন ২১টি শো চলবে এ সিনেমার। এছাড়া যমুনা ব্লকবাস্টারে চারটি ও লায়ন সিনেমাসে তিনটি শো চলবে। মাল্টিপ্লেক্স মিলিয়ে মোট ২৮টি শো দেখানো হবে সিনেমাটির। যেখানে শুরুতে শো ছিল মাত্র ১১টি।
শুধু মাল্টিপ্লেক্স নয়, সিঙ্গেল স্ক্রিনেও জংলি পেয়েছে সর্বোচ্চ হল। ‘বরবাদ’-এর পর গত শুক্রবার থেকে সর্বাধিক সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে সিনেমাটি।
টাইগার মিডিয়ার কর্ণধার জাহিদ হাসান অভি জানান, মুক্তির শুরুর দিকে জংলি মাত্র তিনটি সিঙ্গেল স্ক্রিনে চলছিল। গতকাল থেকে ২১টি সিঙ্গেল স্ক্রিনে একযোগে চলছে সিনেমাটি। বরবাদের পর জংলিই এখন সর্বাধিক হলে প্রদর্শিত সিনেমা।
তিনি বলেন, ‘জংলির দর্শকপ্রিয়তা দেখে মনে হচ্ছে এটি লম্বা রেসের ঘোড়া। আমি “পরাণ” পরিবেশনার দায়িত্বে ছিলাম। সে অভিজ্ঞতা থেকে বলছি, জংলি পরাণের মতোই আরেকটি বড় হিট হতে যাচ্ছে।’
দেশে বিপুল দর্শকপ্রিয়তার পর ২৫ এপ্রিল জংলি মুক্তি পাচ্ছে বিদেশেও। সিনেমাটিতে সিয়াম আহমেদের পাশাপাশি অভিনয় করেছেন শবনম বুবলী, প্রার্থনা ফারদিন দীঘি ও শিশুশিল্পী নৈঋতা প্রমুখ।










