ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম একাডেমি অ্যাওয়ার্ডসের (আইফা) আসর বেশির ভাগ সময় ভারতের বাইরে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় তারকারা অংশ নেন। এবারের আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউডের জনপ্রিয় তারকা নোরা ফাতেহি। মূল অনুষ্ঠানের আগে আইফার একটি সংবাদ সম্মেলনে হাজির হন নোরা। সংবাদ সম্মেলনে সবার নজর কেড়েছেন এ বলিউড ডিভা। ৪ লাখ রুপির ফেন্ডাচি (বিশ্বখ্যাত ব্র্যান্ড ফেন্ডি ও ভার্সাচির যৌথ উদ্যোগ) স্কার্ট সেটে হাজির হন তিনি।

মোনোক্রোম ব্র্যান্ডের কালো হাই নেক বডি স্যুট পরেছিলেন নোরা, যার মূল্য ভারতীয় মুদ্রায় সাড়ে ৪ হাজার রুপি। কালো বডি স্যুটের ওপর বিশ্বখ্যাত ব্র্যান্ডদ্বয়ের তৈরি ফেন্ডাচির শর্ট জ্যাকেট পরেছিলেন তিনি। ফেন্ডির এফএফ লোগো দেয়া গাঢ় বাদামি ও কালো রঙের ফুল হাতা জ্যাকেটটির মূল্য ২ হাজার ৮০০ ইউরো।

নোরা জ্যাকেটটির সঙ্গে ফেন্ডির মিনি স্কার্ট পরেছিলেন, যার দাম ৭৫০ ইউরো। অন্যদিকে পোশাকের সঙ্গে মিল রেখে ফেন্ডির ম্যাচিং হাই বুট পরেছিলেন বলিউডের এ ফ্যাশন আইকন। ব্যাক জিপার দেয়া বুটেও এফএফ লোগো প্রিন্ট করা ছিল। নোরা ফাতেহির পরিহিত বুটের বাজারদর ১ হাজার ৩৯০ ইউরো। পোশাক ও বুট মিলিয়ে ৪ লাখ ১৭ হাজার ১০৯ রুপি ব্যয়  করেছেন নোরা।

অন্যদিকে মেকআপ নিয়ে বরাবরই সচেতন নোরা। আইলাইনার, স্পার্কলি আই শ্যাডো ও মাশকারা, হালকা ব্লাশ ও ন্যুড লিপস্টিক দিয়ে মেকআপ শেষ করেন এ অভিনেত্রী। উঁচু করে পনিটেইল বেঁধেছিলেন নোরা।

নোরা ফাতেহি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য সালমান খান, জ্যাকলিন ফার্নান্দেজ, শহীদ কাপুর ও অন্যদের সঙ্গে আবুধাবি গিয়েছিলেন।

 

সূত্র: বলিউড হাঙ্গামা