বক্স অফিসে ঝড় তুলছে আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। গত রোববার সিনেমাটি ১০ কোটি রুপি আয় করেছে। সব মিলিয়ে সঞ্জয় লীলা বানসালি পরিচালিত সিনেমাটির আয় ১১০ কোটি রুপি ছাড়িয়েছে। ২৫ ফেব্রুয়ারি মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছে। সেই সঙ্গে প্রশংসায় ভাসছেন আলিয়া ও সঞ্জয়।
১০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করার পর বানসালি প্রডাকশন ৪ মার্চ নিজেদের ফেসবুক পেজে এ বার্তা জানায়। সিনেমাটির পোস্টারে আয়ের পরিমাণ উল্লেখ করে তারা। ক্যাপশনে দর্শককে ধন্যবাদ দিতে ভোলেনি এ প্রযোজনা প্রতিষ্ঠান।
৪ মার্চ পর্যন্ত বিশ্বব্যাপী ১০৮ কোটি রুপির বেশি আয় করেছে সিনেমাটি। কভিড-১৯-এর কারণে ভারতে প্রেক্ষাগৃহে স্বাস্থ্য সুরক্ষা বজায় রাখার পাশাপাশি ৫০ শতাংশ দর্শক নিয়ে প্রেক্ষাগৃহ পরিচালনা করার অনুমতি দেয় দেশটির সরকার। তবে করোনা পরিস্থিতির উন্নতির কারণে এ নিয়ম শিথিল হতে চলেছে। এরই মধ্য ১০০ শতাংশ দর্শক নিয়েই মহারাষ্ট্র ও নয়াদিল্লির প্রেক্ষাগৃহগুলো পরিচালনা করার অনুমতি দিয়েছে ভারতের রাজ্য সরকার। তাই সিনেমাটির আয় আরো বাড়বে বলে আশা করছেন নির্মাতা।
মুক্তির সাতদিনেই প্রায় ৭০ কোটি রুপি আয় করাকে একটি বিরাট অর্জন বলেই মনে করছেন সমালোচকরা। মুক্তির প্রথম দিনে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির আয় ছিল সাড়ে ১০ কোটি রুপি এবং ১০ দিন পেরিয়ে গেলেও গাঙ্গুবাইয়ের ঝড় যেন কমছেই না। আলিয়ার অভিনয়ের জন্য অনেকেই সেরা অভিনেত্রী বলছেন তাকে।
৭২তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য নির্বাচিত হয়েছিল গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। ওই আয়োজনের মধ্য দিয়েই ১৬ ফেব্রুয়ারি সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করা হয়েছিল, যাতে অংশ নিয়েছিলেন আলিয়া ভাট ও সঞ্জয় লীলা বনসালি।
খ্যাতনামা লেখক হুসেন জাইদির বিখ্যাত উপন্যাস ‘মাফিয়া কুইন অব মুম্বাই’
অবলম্বনে নির্মাণ করা হয়েছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। গুজরাটের কাঠিয়াওয়াড়ের বাসিন্দা গাঙ্গুবাই ৬০-এর দশকের কামাঠিপুরা যৌনপল্লীর প্রভাবশালী নারী ছিলেন। তার শক্তিশালী ব্যক্তিত্ব পর্দায় ফুটিয়ে তুলেছেন আলিয়া ভাট। সিনেমাটিতে আলিয়ার সঙ্গে আরো অভিনয় করেছেন অজয় দেবগন, শান্তনু মহেশ্বরী, বিজয় রাজ, জিম সার্ব প্রমুখ। গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি দিয়ে বড় পর্দায় অভিষেক হলো শান্তনু মহেশ্বরীর। সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে এ তরুণ অভিনেতাকে।
সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ও আলিয়া ভাট অভিনীত সিনেমাটির ট্রেলার দেখেই সিনেমাপ্রেমীরা আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল। সমালোচকদের মন্তব্য শুনে নির্মাতার প্রত্যাশা ছিল তুঙ্গে। বাস্তবে সে প্রত্যাশা পূরণের পথেই হাঁটছে গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস










