হলিউডের অন্যতম দামী ফ্র্যাঞ্চাইজি ‘ট্রান্সফরমার্স’। এ পর্যন্ত রিলিজ
হওয়া সাত কিস্তির বেশির ভাগই নেতিবাচক রিভিউ পেয়েছে। তারপরও আয়ের অঙ্ক বরাবর উঁচু
স্তরে। শেষ কিস্তি বাদ দিয়ে বললে, আগের ছবিগুলোর মিলিত হয় ৪৮৩ কোটি ডলার।
গতকাল শুক্রবার (৯ জুন) মুক্তি পেয়েছে
‘টান্সফরমার্স:
রাইজ অব দ্য বিস্টস’। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া পেলেও
ছবির অ্যাকশন দৃশ্য পাচ্ছে প্রশংসা।
বর্তমানে বক্স অফিসে রাজত্ব করছে অ্যানিমেশন
ফিল্ম ‘স্পাইডার-ম্যান:
অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স’। সুপারহিরো সিনেমাটির সঙ্গে দৌড়ে
কতটা এগোবে ‘রাইজ অব দ্য বিস্টস’, তা বুঝতে আরেকটু
সময় লাগবে। তার আগে দেখে নেয়া যাক আগের কিস্তিগুলোর আয়।
সিরিজের প্রথম পাঁচটি পর্ব পরিচালনা করেন
মাইকেল বে। ২০০৭ সালে মুক্তি পায় ‘ট্রান্সফরমার্স’। মিশ্র ও ইতিবাচক
রিভিউ পায় ছবিটি। আয় করে নেয় ৭০ কোটি ৯৭ লাখ ডলার। অর্থাৎ, অভিষেকে বক্স অফিসে রীতিমতো
ঝড় তুলে দেয় সাই-ফাই সিরিজটি।
২০০৯ সালে মুক্তি পায় ‘ট্রান্সফরমার্স:
রিভেঞ্জ অব দ্য ফলেন’। নেতিবাচক ও মিশ্র প্রতিক্রিয়া ছাপ ততটা
পড়েনি বক্স অফিসে। বরং আগের পর্বের চেয়ে বেশি আয় করে, ৮৩ কোটি ৬৩ লাখ ডলার।
আগের ধারাবাহিকতায় দুই বছর বিরতি রেখে
২০১১ সালে মুক্তি পায় ‘ট্রান্সফরমার্স: ডার্ক অব দ্য মুন’। ভালো মন্তব্য
পেতে এই সিনেমা একদমই ব্যর্থ। অবাক করা বিষয় হলো এর মাধ্যমে সিরিজটি প্রথমবার বিলিয়ন
ডলারের দেখা পায়। তৃতীয় কিস্তির আয় দাঁড়ায় ১১২ কোটি ডলার।
চতুর্থ পর্ব ‘ট্রান্সফরমার্স:
এইজ অব এক্সটিংশন’ মুক্তি পায় ২০১৪ সালে। নেতিবাচক রিভিউ
সত্ত্বেও ফের বক্স অফিসে বিপরীত প্রতিক্রিয়া দেখা যায়। ফলাফলে বিশ্বব্যাপী আয় ১১০ কোটি
ডলার।
ব্যাক-টু-ব্যাক বিলিয়ন ডলার আয়ের পর এবার
পতন দেখলেন মাইকেল বে। ২০১৭ সালে মুক্তি পায় পঞ্চম কিস্তি ‘ট্রান্সফরমার্স:
দ্য লাস্ট নাইট’। প্রথম কিস্তি থেকেও কম আয় করে মিশ্র প্রতিক্রিয়া
পাওয়া সিনেমাটি। ৬০ কোটি ৫৪ লাখ ডলার।
ষষ্ট কিস্তিতে এসে বদল হয় পরিচালক। মাইকেল
বে’র আসনে বসেন ট্রাভিস
নাইট। ২০১৮ সালের ‘বাম্বলবি’ ছিল প্রথম কিস্তি
‘ট্রান্সফরমার্স’-এর প্রিক্যুয়েল।
পজিটিভ রিভিউ সত্ত্বেও এই সিনেমার আয়ে বড় পতন ঘটে। বিশ্বব্যাপী মাত্র ৪৬ কোটি ৭৯ লাখ
ডলার।
সর্বশেষ দুই কিস্তিতে আয়ের পতন ও নেতিবাচক
রিভিউয়ের পাল্লা ভারী হওয়া সত্ত্বেও মোট ৪৮৩ কোটি ডলার নিয়ে ‘ট্রান্সফরমার্স’ এখনো হলিউডের
অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি।
গতকাল মুক্তি পাওয়া ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’ পরিচালনা করেছেন স্টিভেন ক্যাপল জুনিয়র। আপাতত এখানেই থামছে না সিরিজটি। আগামী বছর মুক্তি পাবে ‘ট্রান্সফরমার্স ওয়ান’ পরিচালনায় আছেন জশ কোলি।










