অভিনয়ে নিজের মোটামুটি শক্ত অবস্থান তৈরি করেছেন শোভিতা ধুলিপালা। মেড ইন হেভেন সিরিজের মধ্য দিয়ে তিনি দর্শক ও নির্মাতাদের নজরে আসেন। ২০২১ সালে দুলকার সালমানের বিপরীতে কুরুপ সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন। গত বছর তাকে দেখা গেছে দক্ষিণী সিনেমা মেজর ও পোনিয়িন সেলভানের প্রথম পর্বে। সম্প্রতি এ অভিনেত্রী জানালেন, ক্যারিয়ারের শুরুর দিকের একটি অভিজ্ঞতা। সেটি বিরূপই বলা চলে। একটি ফ্যাশন ব্র্যান্ডের ব্যাকগ্রাউন্ড মডেল হিসেবে তাকে নেয়া হয়নি। কিন্তু পরে সেই ব্র্যান্ডই তাকে পণ্যদূত করে নেয়। 

শোভিতা মুম্বাইয়ে তার প্রথম দিনগুলোর কথা স্মরণ করেন। তিনি এ সময় মডেলিং করতেন। তখন বিভিন্ন টিভি কমার্শিয়ালের জন্য অডিশন দিয়েছেন। কিন্তু কখনো নির্বাচিত হননি। ম্যাশেবল ইন্ডিয়ার সঙ্গে কথোপকথনে তিনি বলেন, ‘‌আমি কখনো কোনো বিজ্ঞাপনে কাজ করার জন্য নির্বাচিত হইনি। কারণ তাদের কথা ছিল আমি দেখতে ততটা সুন্দরী নই। আবেদনময়ীও নই। আমিও ভাবতাম, হ্যাঁ, এটা তো ঠিকই।’

মেড ইন হেভেনে এ শোভিতাকেই আবেদনময়ী হিসেবে দেখা গেছে। কিন্তু বিশের কোঠায় তিনি নিজের সৌন্দর্য নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগতেন। তিনি নিজেকে সুন্দরী মনে করতেন না। আবার এ ধরনের অডিশনে বাদ পড়ার কারণে তার এ আত্মবিশ্বাসহীনতা তৈরি হয়। তিনি বলেন, ‘‌আমাকে ওইটুকু সুযোগই দিল না। ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবেও বাদ দিয়ে দিল।’ কিন্তু ভাগ্য ফিরে যায় এক সময়। শোভিতারও ফিরেছিল। যারা তাকে বাদ দিয়েছিল তিন বছর পর এমনই একটি ব্র্যান্ড শোভিতাকে নিজেদের পণ্যদূত করে। সে স্মৃতি স্মরণ করে শোভিতা বলেন, ‘‌আমি ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে সেখানে স্ক্রিন শেয়ার করেছি। বিজ্ঞাপনটা আমি পেলাম। ব্যাপারটা খুব সুন্দর ছিল।’

শোভিতা ধীরে ধীরে তার প্রতিভার স্বাক্ষর রেখেছেন। মেড ইন হেভেন তার অভিনীত তারা খান্না চরিত্রটি জনপ্রিয় হয়। এরপর রেড চিলিজ প্রযোজিত বার্ড অব ব্লাড সিরিজেও অভিনয় করেছেন তিনি। তার বলিউড অভিষেক হয়েছিল অনুরাগ কাশ্যপের রামন রাঘব টু পয়েন্ট ও সিনেমায়। বলিউড ও দক্ষিণ মিলিয়ে মোটামুটি নিয়মিত অভিনয় করছেন তিনি। তাকে সম্প্রতি দেখা গেছে দ্য নাইট ম্যানেজার সিরিজে। পোনিয়িন সেলভানের দ্বিতীয় পর্বসহ হাতে রয়েছে আরো দুটি সিনেমা।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস