গত রোববারের ঘটনার রেশ কাটেনি এখনো। ক্রিস রককে আঘাত করায় স্মিথের বিরুদ্ধে নিয়মমাফিক পদক্ষেপ নিয়েছে অস্কার কমিটি। তাকে নিজের কাজের ব্যাখ্যা দেয়ার জন্য ১৫ দিনের সময় দেয়া হয়েছিল। কিন্তু এরই মধ্যে একাডেমি অব মোশন পিকচার্স থেকে পদত্যাগ করেছেন উইল স্মিথ। ঘটনার পর থেকে নিজের কাজের জন্য কয়েকবার দুঃখ প্রকাশ করেছেন স্মিথ। পদত্যাগের সঙ্গে সঙ্গে স্মিথ বলেছেন, একাডেমির অন্য যেকোনো পদক্ষেপ বা শাস্তি তিনি মাথা পেতে নেবেন।

নিজের বক্তব্যে স্মিথ বলেন, ‘ক্রিস ও তার পরিবারের পাশাপাশি আমি আরো অনেককে মানসিকভাবে আহত করেছি। তাদের মধ্যে আমার সুহূদ, সহকর্মী ও প্রিয় বন্ধুরা রয়েছেন। এছাড়া উপস্থিত এবং ঘরে বসে যারা দেখছিলেন তারাও আহত হয়েছেন।’ স্মিথের বক্তব্যে অনুশোচনা ফুটে ওঠে। তিনি বলেন, ‘আমি একাডেমির বিশ্বাস ভঙ্গ করেছি। পাশাপাশি মনোনীত অন্যদের উদযাপনের পক্ষে বাধা সৃষ্টি করেছি।’ এছাড়া তিনি বলেন, যারা যোগ্য তাদের প্রতি মনোযোগ ফিরিয়ে আনা প্রয়োজন। বক্তব্যের শেষে তিনি বলেন, ‘পরিবর্তন আসতে সময় নেয়, কিন্তু আমি পুনরায় এ ধরনের সহিংস আচরণ না করার মতো করে নিজেকে গড়ে তুলব।’ একাডেমির পক্ষ থেকে ডেভিড রুবিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মি. স্মিথের পদত্যাগপত্র পেয়েছি এবং তা গৃহীত হয়েছে। একাডেমির নিয়মানুসারে মি. স্মিথের কাজের জন্য শাস্তিমূলক পদক্ষেপ নেয়া হবে। ১৮ এপ্রিল আমাদের পরবর্তী বোর্ড মিটিংয়ে এ সম্পর্কে সিদ্ধান্ত হবে।’

একাডেমির এ কর্মপরিকল্পনা আগেই জানানো হয়েছিল। তবে স্মিথের থাপ্পড়-কাণ্ডের পর একাডেমির পদক্ষেপ নিতে দেরির পাশাপাশি তাদের বক্তব্য কিছু বিভ্রান্তি তৈরি করেছিল। এ অবস্থায় স্মিথের এ পদক্ষেপ একাডেমির জন্য এক রকম শাপেবর হলো। স্মিথের ক্যারিয়ার এবং সুনামের কী হবে তা সময়ই নির্ধারণ করবে।

 

সূত্র: ভ্যারাইটি