পশ্চিম তীরের স্থানীয় নেতা আওদা হাতালিন। সোমবার সন্ধ্যায় ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরের একটি কমিউনিটি সেন্টারের সামনে তিনি নিহত হন। বিষয়টি তার বন্ধু বাসেল আদরা জানিয়েছেন। তিনি আরো জানান আওদা অস্কারজয়ী নো আদার ল্যান্ড তথ্যচিত্রে তাদের সহযোগী ছিলেন। উল্লেখ্য, বাসেল আদরা এই তথ্যচিত্রের সহ-পরিচালক।

আদরা সামাজিক মাধ্যমে বলেন, হাতালিনকে ‘জবাই করা হয়েছে’। হত্যাকাণ্ডের সন্দেহভাজন ব্যক্তি হলেন ইয়িনন লেভি। তিনি একজন ইসরায়েলি সেটলার। তাকে গত বছর যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন নিষেধাজ্ঞার আওতায় এনেছিল।

নো আদার ল্যান্ড এই বছর সেরা প্রামাণ্যচিত্রের জন্য অস্কার জিতেছে। চলচ্চিত্রটি মাসাফার ইয়াত্তার বাসিন্দাদের কথা বলে। তারা তাদের গ্রামগুলো ধ্বংস করার ইসরায়েলি সেনাবাহিনীর প্রচেষ্টাকে প্রতিহত করার চেষ্টা করছে।

চলচ্চিত্রটির ইসরায়েলি সহ-পরিচালক ইউভাল আব্রাহাম ইনস্টাগ্রামে এক পোস্টে হাতালিনকে বর্ণনা করেছেন ‘একজন অসাধারণ কর্মী’ হিসেবে, যিনি নো আদার ল্যান্ড শুটিংয়ে মাসাফার ইয়াত্তায় আমাদের সহায়তা করেছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান