নাদিয়া আহমেদ, একাধারে একজন মডেল, অভিনেত্রী ও নৃত্যশিল্পী। টিভি নাটকে অভিনয় করে অভিনেত্রী হিসেবে দারুণ জনপ্রিয়তা পেলেও তিনি নিজেকে একজন নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। কখনই শুধুই একজন অভিনেত্রী পরিচয়ে নিজেকে উপস্থাপন করেন না তিনি। বাংলাদেশের অভ্যন্তরীণ বড় বড় শোতে বলা যায় প্রায় সময়ই নাদিয়ার নৃত্য পরিবেশনা থাকে। 

আবার অনেক সময় ক্যাডেট কলেজগুলোতেও পুনর্মিলনী অনুষ্ঠানে তার পারফরম্যান্স থাকে। অর্থাৎ ক্যাডেটদের কাছেও নাদিয়া বেশ প্রিয় একজন নৃত্যশিল্পী বটে। নাদিয়া অভিনীত বর্তমানে দুটি ধারাবাহিক বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হচ্ছে। ধারাবাহিক দুটি হচ্ছে কায়সার আহমেদের ‘গোলমাল’ ও গোলাম সোহরাব দোদুলের ‘মিলন হবে কতদিনে’।

এরই মধ্যে প্রচার শেষ হলো কায়সার আহমেদ পরিচালিত দীপ্ত টিভিতে প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বকুলপুর সিজন টু’। এদিকে আজ নাদিয়া আহমেদের জন্মদিন। জন্মদিনে সাধারণত তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিশেষত তার স্বামী এফএস নাঈমের সঙ্গে বিয়ের পর থেকে সাধারণত নাঈমই দিনটিতে নানাভাবে তাকে সারপ্রাইজ দিয়ে থাকেন। তবে এবার জন্মদিন নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই। কারণ দেশের সার্বিক পরিস্থিতি এখনো স্বাভাবিক নয়। বন্যাদুর্গত এলাকার মানুষ নিয়ে এখনো সবাই উদ্বিগ্ন।

নাদিয়া আহমেদ বলেন, ‘আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশে দ্রুত সবকিছু স্বাভাবিক হোক। দেশের মধ্যে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জীবনে দ্রুত স্বাভাবিকতা ফিরে আসুক। আমরা সবাই যার যার অবস্থানে থেকে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আগামীতেও সবাই সবার পাশে থাকব ইনশাআল্লাহ।