ওয়েব দুনিয়ায় দেশের অনেক তারকাই যুক্ত হয়েছেন। এ তালিকায় আছেন ঢাকাই সিনেমার নায়িকা অপু বিশ্বাসও। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করেছেন এ অভিনেত্রী। ফিল্মের নাম ‘ছায়াবাজি’। বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। শুক্রবার সন্ধ্যা ৭টায় আরটিভি প্লাস ও আরটিভি মুভিজ ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে ওয়েব ফিল্মটি। এরই মধ্যে দর্শকের প্রশংসা পাচ্ছেন অপু।
এটি নিয়ে অপু বিশ্বাস জানান, এ ওয়েব ফিল্মে তিনি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করা প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘অনেক আগেই আমি ওয়েব ফিল্মে কাজ করার জন্য প্রস্তাব পেয়েছি। কিন্তু আমার সঙ্গে ব্যাটে বলে মেলেনি বিধায় কাজ করা হয়নি। কারণ আমার ইচ্ছেই ছিল, গল্পটা যেমন অসাধারণ হবে তেমনি চরিত্রেও নতুনত্ব থাকবে। মূল কথা যিনি গল্পটি লিখেছেন, যে দুটো চরিত্রে আমি অভিনয় করছি, সে দুটো আমাকে ভেবেই লেখা, গল্প পড়ে আমার এমনই মনে হয়েছে। আর নির্মাতা সৈয়দ শাকিল ভাই সম্পর্কে আমি অবগত। যে কারণে তার সঙ্গে কাজ করেও ভীষণ ভালো লেগেছে।’
অপু বিশ্বাস অভিনীত এ ওয়েব ফিল্মে আরো অভিনয় করেছেন গুণী অভিনেতা তারিক আনাম খান। এ অভিনেতাকে নিয়ে অপু বলেন, ‘ফিল্মটিতে শ্রদ্ধেয় তারিক আনাম খান স্যারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। তিনি একজন গুণী অভিনেতা। তার কাছ থেকে অনেক কিছুই শেখার সুযোগ পেয়েছি। অনেক ধন্যবাদ আরটিভি কর্তৃপক্ষকে। কারণ তাদের প্রযোজিত সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু দিয়ে আমার নতুন করে যাত্রা শুরু। তাদের প্রযোজনায়ই আমার নতুন একটি প্লাটফর্মের শুরু। তাই ছায়াবাজির মাধ্যমে আমার নতুন এ যাত্রা আমার কাছে অনেক উচ্ছ্বাসের, অনেক আনন্দের। কারণ নতুন প্লাটফর্মের জন্য এটা আমার নতুন এক চ্যালেঞ্জ।’
ছায়াবাজি ওয়েব ফিল্মটি আহমেদ শাহাবুদ্দিনের ‘সাইকো থ্রিলার’ গল্প অবলম্বনে নির্মিত হচ্ছে। অপু বিশ্বাস ছাড়াও এতে আরো অভিনয় করেছেন সাজ্জাদ হোসাইন, সাবেরী আলম, আবদুল্লাহ রানা, সাদিয়া তানজিন, হাসান ফেরদৌস জুয়েল প্রমুখ।










