নাট্যদল ‘হৃৎমঞ্চ’ আবারো মঞ্চস্থ করতে যাচ্ছে তাদের জনপ্রিয় নাটক ‘রিমান্ড’। এতে দেখানো হবে রিমান্ড কক্ষে বসে আছেন একজন লেখক। তাকে জেরা করছেন পুলিশ কর্মকর্তা। টান টান উত্তেজনায় চলা জেরা পর্বের মধ্য দিয়েই এগিয়ে চলে ‘রিমান্ড’ নাটকের কাহিনী। লেখকের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে। অন্যদিকে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনেত্রী জ্যোতি সিনহা। নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে প্রদর্শিত হবে এটি।
এতে অভিনয় করেছেন কামাল উদ্দীন কবির, সজীব হোসেন, সউদ চৌধুরী, শাহনাজ জাহান, আনিসুর রহমান রিমন, বর্ষা, সৌম্য, শাকিল, শম্পা।
‘রিমান্ড’ নাটকের মূলে আছে একজন লেখকের ব্যক্তিগত দর্শন, যিনি নৈরাজ্যবাদী। নিজস্ব মতাদর্শ প্রচার, ব্যক্তিক আদর্শ কিংবা আধিপত্যের জন্য মায়াজাল বিস্তার করেন লেখায়। তরুণদের মধ্যে উসকে দেয় জীবনবিধ্বংসী নানা প্রবণতা। নানা অঘটনের পরিপ্রেক্ষিতে গোয়েন্দার জেরার সম্মুখীন হতে হয় তাকে। গোয়েন্দা কর্মকর্তার প্রশ্নাত্মক ধারায় ফুটে উঠতে থাকে লেখকের ভাবনাগুলো। নাট্যকার নৈরাজ্যবাদিতার এপিসটোলজিক্যাল স্বরূপসহ সাহিত্য-ইতিহাসের নানা উপাদান ব্যবহার করে তুলে এনেছেন লেখকের মনোদর্শন। গোয়েন্দা কমকর্তা চান প্রেম-ভালোবাসা, মানবতাবোধ। যেখানে দৈহিক কামনা নয়; প্রেম-মমতাপূর্ণ সম্পর্কই জীবনকে পূর্ণতা দিতে পারে।
নির্দেশক শুভাশিস সিনহা বলেন, ‘নাটকটির মধ্য দিয়ে এ সময়কেই খুঁজে পাবেন দর্শক। রিমান্ডকক্ষে একজন লেখককে পুলিশের জেরার মধ্য দিয়ে জীবনের অন্যরকম দর্শন উন্মোচিত হয়, যা মঞ্চে এসে দর্শককে দেখার আমন্ত্রণ জানাই।’
‘রিমান্ড’ নাটটির মঞ্চ পরিকল্পনা করছেন কামাল উদ্দীন কবির। আলো পরিকল্পনা করছেন সুদীপ চক্রবর্তী। পোশাক পরিকল্পনায় আইরিন পারভিন লোপা, দ্রব্যসামগ্রী পরিকল্পনায় আছেন শাহনাজ জাহান।










