গত ঈদুল ফিতরে মুক্তি পায় ওটিটি প্লাটফর্ম চরকির অরিজিনাল সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২’। প্রথম সিজন থেকেই জনপ্রিয়তার তুঙ্গে এ সিরিজ ও এর চরিত্রগুলো।

সিরিজটি যারা দেখেছেন তারা জানাচ্ছেন ভালো লাগার কথা, যারা দেখেননি তারাও সিরিজটি দেখার আগ্রহ প্রকাশ করছেন। এভাবেই বাড়ছে অ্যালেন স্বপন সিরিজের জনপ্রিয়তা। দুটি সিজনই দেখেছেন এমন দর্শক জানিয়েছেন, ‘সিজন ১ ও ২–দুটোই দেখেছি, সে-ই’।

যেসব কারণে দ্বিতীয় সিরিজটি নিয়ে দর্শকের ভালো লাগা, তার মধ্যে অন্যতম স্বপন চরিত্রের অভিনেতা নাসির উদ্দিন খানের অভিনয় ও এর গল্প। এক দর্শক বলেছেন, ‘নাসির উদ্দিন খান সত্যি আমাদের অভিনয় জগতে এক অভাবনীয় আবিষ্কার।’ মিথিলাকে নিয়ে তার মন্তব্য, ‘মিথিলার অভিনয় খুবই পরিণত’। নির্মাতা শিহাব শাহীনের প্রশংসা করে তিনি জানিয়েছেন, ‘গল্প, পরিচালনা নিয়ে বলার অপেক্ষা রাখে না, কতটা ভালো হয়েছে। প্রথম সিজনকে ছাড়িয়ে গেছে। অসাধারণ। ধন্যবাদ শিহাব শাহীন!’

সিরিজটিকে ‘পিওর এন্টারটেইনমেন্ট’ ও ‘লোকাল কালচারে রুটেড’ বলে উল্লেখ করেছেন তারা। ফেসবুক গ্রুপে এক দর্শক লিখেছেন, ‘বাংলাদেশের কনটেন্ট যে এদিকেও যেতে পারে, এ সিরিজ তার লাইভ প্রমাণ।’ আরেকজনের মতে, মাইশেলফ অ্যালেন স্বপন ২ একদম টাইম পাস করার মতো সিরিজ নয়, এটা পুরোপুরি বিনোদনের ডোজ! অ্যালেন স্বপন, সিন্ডিকেট আর নতুন নতুন মোচড়—সব মিলিয়ে দারুণ কিছু হয়েছে।

অ্যালেন স্বপন ২-কে ১০-এ ৯ দিয়ে এক দর্শক লিখেছেন, ‘মাইশেলফ অ্যালেন স্বপন ২ নিয়ে ব্যাপক আগ্রহ ছিল। মেইনলি সিন্ডিকেটের সঙ্গে অ্যালেনকে কানেক্ট করেছে এ সিরিজে। কিছু বড় বড় সাসপেন্স ক্রিয়েট করেছে এ সিরিজে। বদ্দা তো একদম আগের মতোই ফর্মে! জেফারের কানেকশন শুধু বদ্দার বয়াম পাখি হিসেবেই নয়, আরো বড় একটা প্লটের পার্ট হিসেবে আছে। মূল কথা টাইমটা ওয়েস্ট হয়নি। একদম ফুল অন এন্টারটেইনিং সিরিজ ছিল সিজন ২।’

এছাড়া ‘এবারের ঈদের সেরা সিরিজ কি অ্যালেন স্বপন?’ শিরোনামে সংবাদমাধ্যমে রিভিউ লিখেছেন সাংবাদিক–সমালোচক অর্ণব সান্যাল। নানা যুক্তি–তর্কের পর তিনি লিখেছেন, ‘সিজন ওয়ান ওয়াজ গুড, সিজন টু ইজ মাচ মাচ বেটার। সেটা এতটাই যে তৃতীয় সিজনের আগমনী ঘোষণা আসার আগ পর্যন্ত অ্যালেন স্বপনের একটি সংলাপ ধার করে বলে দেয়াই যায়,–‘‘মিস করব কিন্তু!”’ তার মতো অনেকেই মাইশেলফ অ্যালেন স্বপনের তৃতীয় সিজনের অপেক্ষার কথা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পায় আলোচিত চরকি অরিজিনাল সিরিজ ‘সিন্ডিকেট’। তারই চরিত্র ছিল অ্যালেন স্বপন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় দেয়া বেশকিছু সংলাপ ও দারুণ অভিনয় দিয়ে চরিত্রটি পায় দর্শকপ্রিয়তা। ২০২৩ সালে মুক্তি পায় মাইশেলফ অ্যালেন স্বপনের প্রথম সিজন। এটি ছিল দেশের প্রথম স্পিন অফ সিরিজ। অ্যালেন স্বপন ২ সিরিজে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা, জেফার রহমান, সুমন বড়ুয়া।