দুটি পুরস্কার বাগিয়ে অস্কারে দারুণ চমক দেখিয়েছে ভারতের নির্মাতা। ‘আরআরআর’ সিনেমার ‘নাটু নাটু’ নিয়ে শুরু থেকেই জল্পনা ছিল এবং আশাহত হয়নি দক্ষিণ এশিয়ার দেশটি। তবে মূল চমকটি এসেছে সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে।

‘দ্য এলিফ্যান্ট হুইসপার্স’ শিরোনামের এই চলচ্চিত্রে পরিচালক কার্তিকি গনজালভেস ও প্রযোজক গুণিত মোঙ্গার ভারতের ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরেছেন।

দুই নারী নির্মাতার গল্পটি ছিল হস্তীশাবক রঘু ও দুই মাহুতকে ঘিরে। এক দুর্ঘটনার পরে রঘুকে নিয়ে আসা হয় বোমান ও বেলির কাছে। হস্তীশাবকটি হয়ে ওঠে তাদের জীবনের অংশ। হাতি ও মানুষের এ রসায়ন পছন্দ করেছেন অস্কারের বিচারকেরা।

অন্যদিকে মৌলিক গান বিভাগে পুরস্কার জেতা ‘নাটু নাটু’র পারফরম্যান্স ছিল অস্কারের মঞ্চে।

পুরস্কার হাতে নিয়ে গানটির কারিগর এমএম কিরাবানি বলেন, “আমার মনে শুধু একটাই আশা ছিল। ‘আরআরআর’কে জিততে হবে। এটা সব ভারতীয় আশাবাদ। আমার আমার মনে হচ্ছে আমি পৃথিবীর শীর্ষে আছি।”

এবার অস্কারের মঞ্চে ভারতের আরেকটি চমক অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। অবশ্য অস্কার প্রেজেন্টার হিসেবে তার উপস্থিতির খবর আগেই জানা ছিল। যথারীতি মঞ্চে আলো ছড়িয়েছেন তিনি।

তবে উপস্থাপক জিমি কিমেল ‘আরআরআর’কে বলিউড সিনেমা হিসেবে উল্লেখ করায় ভারতের, বিশেষত দক্ষিণের, দর্শকরা ক্ষুব্ধ হয়েছেন।