দীপ্ত টিভির নতুন ধারাবাহিক নাটক শিউলি মালা। গতকালই শুরু হয়েছে এর প্রচার। নাটকটি প্রতিদিন সন্ধ্যা ৭টায় দেখা যাবে। খলিল জিবরানের রচনা ও গোলাম সোহরাব দোদুলের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, সাবেরী আলম, ইন্তেখাব দিনার, রুনা খান, খলিলুর রহমান কাদেরী, শ্যামল মাওলা, মৌসুমী হামিদ, কেয়া পায়েল, সমাপ্তি মাশুক, জয়রাজ, আরেফিন জিলানী, শারমিন সুলতানা শর্মীসহ আরো অনেকে।
গল্পে দেখা যাবে, শিউলি আর মালা দুই বোন। মফস্বল শহরের সবাই তমিজউদ্দিনকে চেনে শিউলি মালার বাবা ও একজন গুণী শিল্পী হিসেবে। তবে তমিজউদ্দিন প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন বছর হতে চলল। মেয়ে শিউলি আর বোন জমিলাই মূলত তমিজের দেখভাল করে। শিউলি মাস্টার্স শেষ করতে পারেনি, তার আগেই সংসার চালাতে নেমে গেছে টিউশনি করতে। তবে মালা যথেষ্ট মেধাবী হওয়ায় সে আশা লতা মহিলা বিশ্ববিদ্যালয়ে পড়তে যায় মেধাবৃত্তি নিয়ে।
আমাদের চেনা পরিচিত গণ্ডির গল্প, বোঝাই যাচ্ছে। এ ধারারই গল্প শিউলি মালা। গল্পে আরো দেখা যাবে, শিউলি টিউশনি পড়ায় রহমত তালুকদারের নাতনি নিশিকে। রহমত তালুকদার এলাকার বড় ঠিকাদার, তার ছেলে সিয়াম পছন্দ করে শিউলিকে। সিয়াম বিসিএস করার জন্য রাতদিন খেটে পড়াশোনা করছে। শিউলির প্রতি সিয়ামের দুর্বলতা একসময় চিন্তার কারণ হয়ে যায় রহমত আর শামীমার জন্য। কেননা রহমত সিয়ামের বিয়ের ব্যাপারে কথা বলে রেখেছে এলাকার ক্ষমতাধর মেম্বর ফরিদ মোল্লার সঙ্গে। ফরিদের মেয়ে আফসানা, সিয়াম, শিউলি তিনজন প্রায় একসঙ্গেই বেড়ে উঠেছে।
মধ্যবিত্ত জীবন ও সংগ্রামের গল্প শিউলি মালা। নাটকটির গল্প চেনা হলেও এতে যেহেতু অভিনয় করছেন এ সময়ের সেরা অভিনয়শিল্পীরা, নাটকটি নিয়ে দর্শকের আগ্রহ দেখা যাচ্ছে।










