মুক্তির মাত্র দুদিন আগে প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা রাধে শ্যাম পুনরায় সম্পাদনা করা হয়েছে। ১৫০ মিনিটের সিনেমাটি থেকে ১২ মিনিট বাদ দিয়েছেন নির্মাতা। ১৩৮ মিনিটের সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১১ মার্চ। এটি স্পষ্ট নয় যে কী কারণে সিনেমাটির দৈর্ঘ্য কমিয়েছেন নির্মাতা। 

রাধে শ্যাম যখন সেন্সরে জমা দেয়া তখন ১৫০ মিনিট দীর্ঘ ছিল সিনেমাটি। তবে টিকিট বুকিং প্লাটফর্মগুলোয় উল্লেখ করা হয়েছে সিনেমাটির দৈর্ঘ্য ১৩৮ মিনিট।  

এটি প্রথম নয়। এর আগে গত মাসেই এমনটি হয়েছে তামিল তারকা অজিথ কুমারের ভ্যালিমাই সিনেমাটির সঙ্গে। গত মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ভ্যালিমাই। আর এর কিছুদিন পর সিনেমাটি পুনরায় সম্পাদনা করে ১২ মিনিট বাদ দেয়া হয়। 

গত ১৪ জানুয়ারি সংক্রান্তি উৎসবের সময় মুক্তি পাওয়ার কথা ছিল রাধে শ্যাম। তবে কভিড-১৯-এর সংক্রমণ বেড়ে গেলে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। 

১৯৭০ সালের ইউরোপের পটভূমিতে তৈরি করা হয়েছে এটি। রাধা কৃষ্ণ কুমার রচনা ও পরিচালনা করেছেন বড় বাজেটের এ সিনেমাটি। রাধে শ্যাম দিয়ে প্রথমবার জুটি বাঁধলেন দক্ষিণ ভারতীয় তারকা প্রভাস ও পূজা হেগড়ে। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন সত্যরাজ, মুরলি শর্মা, কুণাল রায় কাপুর, ঋদ্ধি কুমার, সাশা চেত্রী।  বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীকে দেখা যাবে এ সিনেমায়। ২০১৮ সালের দিকে  সিনেমাটির কাজ শুরু হয়।

মুক্তির আগেই সিনেমাটির ট্রেলার বেশ সাড়া ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। তেলেগু ও হিন্দির সঙ্গে তামিল ও মালয়ালম ভাষায় ডাবিং সংস্করণে মুক্তি পাবে প্রভাসের আসন্ন সিনেমাটি। সমালোচকদের ধারণা বেশ ভালোই দর্শক মাতাবে  সিনেমাটি।

২০১৯ সালে বাহুবলিখ্যাত অভিনেতা প্রভাসকে দেখা গিয়েছে সাহো সিনেমায়। এর তিন বছর পর পর্দায় ফিরছেন এ তারকা। ২০১৫ সালে বাহুবলি দিয়ে সবার প্রশংসা কুড়িয়েছিলেন এ অভিনেতা। তার ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা বাহুবলি। বর্তমানে এ তারকা ব্যস্ত রয়েছেন তার আসন্ন মুক্তিপ্রাপ্ত সিনেমা রাধে শ্যাম-এর প্রচারকাজ নিয়ে।

আদিপুরুষ ও প্রজেক্ট কে সিনেমা দুটিতেও কাজ করছেন প্রভাস। আদিপুরুষ-এর পরিচালক ওম রাউত। শোনা যাচ্ছে রামায়ণের কাহিনী থেকে তৈরি এ সিনেমা। রামের ভূমিকায় থাকবেন প্রভাস।

অন্যদিকে প্রজেক্ট কেতে প্রথমবার অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা যাবে প্রভাসকে। আর এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এটি প্রভাস-দীপিকা জুটির প্রথম সিনেমা।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস