বলিউডে তরুণ প্রজন্মের গল্প বলেছিলেন অয়ন
মুখার্জি। তার সেই সিনেমা ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ তুমুল জনপ্রিয়
হয়েছিল। বানির জীবন-দর্শন, ন্যায়নার সাধারণত্ব, অদিতির বদলে যাওয়া ও অভির এলোমেলো জীবন
যেন কলেজ-পড়ুয়া একটি প্রজন্মেরই গল্প।
অয়ন তা বলেছিলেন চমৎকার সিনেম্যাটিক যাত্রার
মাধ্যমে। আর অভিনয়ে রণবীর (বানি), দীপিকা (ন্যায়না), অদিতি (কালকি) ও আদিত্য রায় কাপুর
(অভি) জয় করে নিয়েছিলেন দর্শকের হৃদয়। সিনেমাটির দশ বছর পূর্ণ হলো। আর সে উপলক্ষে সম্প্রতি একত্রিত
হয়েছিলেন রণবীর, দীপিকা, আদিত্য ও কালকি। আরো ছিলেন অয়ন মুখার্জি, করণ জোহর, প্রীতমসহ
সিনেমার সঙ্গে যুক্ত আরো অনেকে।
ধর্ম প্রডাকশনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট
থেকে পোস্ট করা হয়েছে তিনটি ছবি। এতে হাস্যোজ্জ্বল মুখে দেখা যায় সিনেমার চার প্রধান
চরিত্রকে। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘বন্ধুদের মধ্যে
কোনোকিছুই বদলায় না।’ এ ছবির মাধ্যমে বন্ধ্বুত্বের বার্তা দেয়া
হলো। বলার চেষ্টা করা হলো বন্ধুরা সময় পার করেও একই রকম সম্পর্কের মধ্যে থাকে।
সিনেমাটির দশ বছর পূর্তি নিয়ে কথা বলেছেন
অয়ন মুখার্জি। তিনি বলেন, ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি আমার দ্বিতীয়
সন্তান। এটি আমার হৃদয়ের একটি অংশের মতো। তার বয়স এখন দশ বছর হলো। আমার মনে হয় এত বছর
পর আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এ সিনেমার নির্মাণ আমার জীবনের আনন্দের ঘটনাগুলোর
মধ্যে অন্যতম।’
‘ইয়ে জাওয়ানি হ্যায়
দিওয়ানি’র মধ্য দিয়ে হিন্দি
সিনেমা একটি নতুন ধারায় প্রবেশ করেছিল। ঠিক টিনএজ ড্রামা নয়, বিশের কোঠায় থাকা তরুণ-তরুণীদের
স্বপ্ন, জীবন ও গল্প নিয়ে সিনেমা নির্মাণে একটি ধারা সৃষ্টি হয় এর মধ্য দিয়ে।
মুক্তির পর থেকে এখন পর্যন্ত সিনেমাটি
বক্স অফিসে আয় করেছে ৩২০ কোটি রুপি। দেখেছেন লাখ লাখ দর্শক। তবে পরিচালক অয়ন বলেন,
‘সিনেমাটি মুক্তির
পর আমি কখনো পুরোটা দেখিনি। তবে মনে করি আমি যখন আরো বড় হবো, তখন বছরে একবার করে দেখব।’
সূত্র: হিন্দুস্তান টাইমস










