প্যারিস অলিম্পিকের অনুষ্ঠান শুরু হয়েছিল লেডি গাগা, সেলেন ডিওনকে দিয়ে। স্বাভাবিকভাবেই শেষ সময়ের আয়োজন নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। হতাশ হতে হয়নি দর্শককে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল অলিম্পিকের। ইউরোপ ও আমেরিকার বিখ্যাত সব তারকার উপস্থিতিতে বর্ণিল হয়ে উঠেছিল প্যারিসের আকাশ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি এস্টানগুয়েট ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ। ৩ ঘণ্টা ধরে চলে বর্ণিল সে সমাপনী অনুষ্ঠান। একটি ফরাসি গান দিয়ে শুরু হয় আয়োজন। তারপর অনুষ্ঠিত হয় প্যারেড অব নেশনস। পারফর্ম করেন বেলজিয়ামের পপ গায়িকা অ্যাঞ্জেল ভ্যান উইক। দেখা যায় অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ডকেও। ততক্ষণে উচ্ছ্বাসে ফেটে পড়েছে দর্শক। সে উচ্ছ্বাসকে উন্মাদনায় রূপ দেয় ফরাসি ব্যান্ড ফিনিক্সের পারফরম্যান্স। তারপর একে একে যুক্ত হয়েছেন অনেকেই। পাঁচটি গ্র্যামি পুরস্কার বিজয়ী গ্যাব্রিয়েলা সারমিয়েন্টো উইলসন যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত গেয়েছেন। অনুষ্ঠানে পারফর্ম করেন হলিউড তারকা টম ক্রুজও। স্টেড ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে দড়ি বেয়ে নেমে আসেন তিনি। 

আয়োজনের এক পর্যায়ে সিমোন বাইলস ও লস অ্যাঞ্জেলেসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে করে চলে যান। পরের দৃশ্যে, তিনি পতাকা নিয়ে প্লেন থেকে লাফ দিয়ে লস অ্যাঞ্জেলেসে অবতরণ করেন (দৃশ্যটি আগেই শুটিং করা ছিল)। এরপর তিনি অলিম্পিক রিংগুলোর ঝলক দেখান। পতাকাটি হস্তান্তর করা হয় যুক্তরাষ্ট্রের মাইকেল জনসনের হাতে। শেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এছাড়া সমুদ্রসৈকতে আরেকটি অনুষ্ঠানে পারফর্ম করেন গ্র্যামিজয়ী গায়িকা বিলি আইলিশ। ছিল স্নুপ ডগ, রেড হট চিলি পেপার্স ও হারের পারফরম্যান্স। বিলির সঙ্গে পারফর্ম করেন তার ভাই ফিনেস। 

সমাপনী অনুষ্ঠানের সময় এমন একটি সময় এসেছিল যখন স্টেডিয়ামে সম্পূর্ণ অন্ধকার ছিল। এরপর শুরু হয় লাইট শো। লাইট শোয়ের থিম ছিল ‘গোল্ডেন ভয়েজার’। অনুষ্ঠানটিতে একটি গল্প দেখানো হয়েছিল। একজন ভ্রমণকারী, গোল্ডেন ম্যান, যার পুরো শরীর স্বর্ণের তৈরি। তিনি বিশ্বভ্রমণে যাচ্ছেন। গ্রিসে পৌঁছেন, যেখানে ২ হাজার ৮০০ বছর আগে অলিম্পিক গেমস শুরু হয়েছিল। মূলত গোল্ডেন ভয়েজারের মধ্য দিয়ে অলিম্পিকের দীর্ঘ ও সমৃদ্ধ ইতিহাসই উঠে এসেছে। 

অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো সমাপনী অনুষ্ঠানে শেষ পদক দেয়া হয়, যেটি ছিল মহিলাদের ম্যারাথন। এর আগে পুরুষ বিভাগে এ পদক দেয়া হয়েছিল। পুরো স্টেডিয়ামে উপস্থিত খেলোয়াড় ও ম্যানেজমেন্টের লোকজন প্যারিস অলিম্পিক ২০২৪ গেমসে কর্মরত স্বেচ্ছাসেবকদের সম্মান জানান এবং দাঁড়িয়ে স্লোগান দেন। এর মধ্য দিয়ে অলিম্পিকের এবারের আসর শেষ হয়। পরবর্তী আসর ২০২৮ সালে লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হবে।

ছবি ও সূত্র: ভ্যারাইটি