গত তিন দশক অভিনয়ের মাধ্যমে দর্শকের মন জয় করেছেন ভারতীয় গুণী অভিনেতা কে কে মেনন। ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দুর্বার গতিতে এগিয়ে গেছেন তিনি। হিন্দি, তেলেগু, গুজরাটি, মারাঠি ও তামিল ভাষাভাষীর বেশকিছু সিনেমায় কাজ করেছেন মেনন। ২০০৪ সালের ব্ল্যাক ফ্রাইডে ছিল ক্যারিয়ারের অন্যতম হিট। তবে গত বছরের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘ফারজি’তে অভিনয়ের পর মেননের ক্যারিয়ারে এসেছে নতুন মোড়। এছাড়া শিল্প দক্ষতায় বেশ গোছালো জীবনযাপন তার। দীর্ঘ শিল্পজীবনে কাজের নানা অভিজ্ঞতা ও ভাবনা নিয়ে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসে একটি সাক্ষাৎকার দিয়েছেন তিনি। মেনন মনে করেন, তিনি ও তার বন্ধু অভিনেতা ইরফান খান ও মনোজ বাজপেয়ি এমন একটি সময়ে ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে এসেছেন, যে সময়ের নির্মাতারা জানেনই না কীভাবে অভিনেতাদের কাজে লাগাতে হয়। সেই সঙ্গে তিনি আরো বলেন, ‘যে ধরনের কাজ আসত, আমাদের এক প্রকার ইচ্ছার বিরুদ্ধেই সেগুলোয় অভিনয় করতে হতো। ফলে আমাদের তিনজনের ক্যারিয়ার খুব ধীরগতিতে এগিয়েছে।’
এছাড়া কথোপকথনের এক পর্যায়ে মেনন আরো জানান, সে সময় ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি এমনভাবেই চলত। নির্মাতা সিনেমার নাম চরিত্রগুলো নিয়েই বেশি সচেতন থাকতেন। সে তুলনায় আরো যেসব গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে সেগুলো নিয়ে তাদের ভাবনা ছিল কম।
এছাড়া অভিনেতা আরো জানিয়েছেন, তিনি ‘হায়দার’ সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন কেবল মনোজ বাজপেয়ি সময়ের অভাবে সেখানে কাজ করতে পারেননি বলে। ‘তবে আমি মনে করি যদি আপনি চেষ্টায় থাকেন, কোনো না কোনোভাবে এটি হয়ে যায়’-বলেন মেনন। সেই সঙ্গে মেনন আরো জানিয়েছেন তিনি, মনোজ ও যতদিন ইরফান খান বেঁচে ছিলেন ইন্ডাস্ট্রির এ বিষয়গুলোই ছিল তাদের আড্ডার বিষয়। তিনি বলেন, ‘আমাদের তর্ক হতো, গল্প হতো, এগুলো চলছিলই। তবে আমাদের একটি বিষয় ছিল, একটি কাজ হয়তো আমার করার ছিল, কোনো কারণে করতে পারছি না, সেটা মনোজ বা ইরফান করত। আবার একই বিষয় ওদের ক্ষেত্রেও।’
কিন্তু এ সহজ সবকিছুর মধ্যেও অভিনেতা মেননের ফিল্মি ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা ছিল, তিনি কেবল গাম্ভীর্যপূর্ণ চরিত্রেই আটকে গিয়েছিলেন। তবে মেনন বলেন, ‘আমি সব সময়ই খুব সিরিয়াস আবার একজন কৌতুকপ্রবণ মানুষ ছিলাম।’ দর্শকের ভালোবাসাও কুড়িয়েছেন তার এমন চরিত্রগুলোর মধ্য দিয়ে। ১৪ আগস্ট মুক্তি পাচ্ছে মেনন অভিনীত মিনি ওয়েব সিরিজ ‘শেখার হোম’।
সূত্র ও ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস









