ঈদের শুরুতেই জমজমাট সিনেমা হলগুলো। একের পর এক সিনেমা মুক্তি পাচ্ছে। ঈদের আট সিনেমার মধ্যে চারটি দর্শক টেনেছে বলে জানান হল মালিক ও মাল্টিপ্লেক্সগুলো। এর মধ্যে ‘লোকাল’ সিনেমাটি নিয়ে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন আদর আজাদ। এতে তার বিপরীতে ছিলেন বুবলী। লোকালে অভিনয় ও লুকের জন্য আলোচিত আদর। ঢাকাই সিনেমার নতুন এ নায়ক সম্প্রতি নতুন একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। তার সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধলেন অধরা খান। এ জুটির নতুন সিনেমার নাম ‘রাইটার’। যেখানে আদরকে একজন লেখকের ভূমিকায় দেখা যাবে। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন অধরা।
২ জুন অধরা খানের ‘সুলতানপুর’ মুক্তি পায়। এ সিনেমায় অভিনয়ের জন্য এরই মধ্যে দর্শক মহলের প্রশংসা পাচ্ছেন এ অভিনেত্রী। অন্যদিকে সুলতানপুর মুক্তির আগেই রাইটারের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন অপূর্ব রানা। ধামরাইয়ের ফিল্ম ভ্যালিতে এর শুটিং হচ্ছে। এরই মধ্যে ৭০ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি কাজ ঈদের পরে হবে বলে জানিয়েছেন অধরা ।
পরিচালক অপূর্ব রানা জানান, একজন লেখকের নিজস্ব দুই জগৎ সমান্তরালভাবে উঠে আসবে এ গল্পে। লেখালেখির জনপ্রিয়তা, তাড়না ও লেখকের ব্যক্তিজীবন নিবিড়ভাবে উঠে আসবে রাইটার সিনেমায়। এটি মূলত অ্যাকশন, সাসপেন্স থ্রিলার ঘরানার।
এতে লেখক চরিত্রে অভিনয় করবেন আদর আজাদ। নতুন সিনেমা নিয়ে আদর বলেন, ‘জুটি বেঁধে আমি আর অধরা খান সুন্দরভাবে নিজেদের চরিত্র ক্যামেরার সামনে মেলে ধরছি। আমাদের জুটির এখন পর্যন্ত যতটুকু শুটিং অভিজ্ঞতা, তাতে জুটি হিসেবে আমাদের সাফল্য আসবেই।’
অন্যদিকে পরিচালক অপূর্ব রানার সঙ্গে ‘উন্মাদ’ ও ‘গিভ অ্যান্ড টেক’ নামে দুটি সিনেমা করেছেন অধরা। দুটি সিনেমাই নির্মাণাধীন। এবার রাইটারে তৃতীয়বারের মতো কাজ করছেন ‘নায়ক’-খ্যাত নায়িকা অধরা। এ নিয়ে অধরা বলেন, ‘পরিচালকের সঙ্গে তৃতীয়বার কাজ হলেও আদরের সঙ্গে এই প্রথম স্ক্রিন ভাগাভাগি হচ্ছে।’
নিজের চরিত্র নিয়ে বলতে গিয়ে বলেন, ‘সিনেমায় আমার চরিত্রের নাম সিসিলি। এখানে আদর একজন লেখক, আমি তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছি। সিনেমায় লেখক সত্তার বাইরে যে একটি নিভৃত ব্যক্তিজীবন রয়েছে, সে জীবনের অসংখ্য দরজা রয়েছে; রয়েছে সুখদুঃখ, ব্যথাবেদনা এসবই উঠে আসবে। আর ব্যক্তিজীবনের অন্যতম সঙ্গী তার স্ত্রী। স্বাভাবিকভাবে এসব সমীকরণ বিশ্লেষিত হবে। আমি আর আদর কিছু ড্রামা সিকুয়েন্সের শুটিং করছি। এরপর আমাদের রোমান্টিক দৃশ্য ও গানের শুটিং করা হবে। পর্দায় দর্শকরা আমার আর আদরের অনস্ক্রিন কেমিস্ট্রি ভালোভাবেই উপভোগ করবেন বলে আমার বিশ্বাস।’ রাইটার সিনেমার অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন শিরিন শিলা, ডেভিড আজাদ, তনিমা, জয়রাজ, শিবা শানু প্রমুখ।










