বলিউডের অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আগ্রহ ছিল জ্যোতির্বিজ্ঞান নিয়ে। সুশান্তের জন্মদিনে তাকে সম্মান জানাতে আমেরিকার লুনা সোসাইটি ২০২৩ সালে এ তারকার জন্মদিনটিকে ‘সুশান্ত মুন’
হিসেবে পালন করতে চলেছে। টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে লুনা সোসাইটি।
টুইট বার্তায় বলা হয়, ২০২৩ সালের ২১ জানুয়ারি সুশান্ত সিং রাজপুতের জন্মদিনটিকে ‘সুশান্ত মুন’
হিসেবে প্রথমবারের মতো পালন করতে যাচ্ছে আমেরিকান লুনা সোসাইটি। এ বলিউড তারকা মহাকাশ নিয়ে দারুণ আগ্রহী ছিলেন। তার প্রতি সম্মান জানাতেই এ উদ্যোগ। এটি সম্ভব হয়েছে সুশান্তের অগণিত ভক্তদের জন্য। টুইটারে ৫০ লাখের বেশি টুইট করা হয়েছে সুশান্তের জন্মদিনটি সুশান্ত ডে হিসেবে পালন করার জন্য।
২০২৩ সালে সুশান্তের জন্মদিনকে ‘সুশান্ত মুন’
হিসেবে পালন করার আরো একটি বিশেষ কারণ রয়েছে। সেটি হচ্ছে, আগামী বছর ২১ জানুয়ারি সে বছরের প্রথম নতুন চাঁদ দেখা যাবে। আর এ সময় চাঁদ পুরো বছরের মধ্যে পৃথিবীর সবেচেয়ে কাছে অবস্থান করে।
সুশান্ত সিং রাজপুত চাঁদ মামা দূর কা নামের একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন। এ সিনেমার জন্য তিনি এমনকি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসায় প্রশিক্ষণ নিয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করার কথা ছিল সঞ্জয় পুরান সিং চৌহানের।
সুশান্ত সিং রাজপুত ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় তরুণ তারকাদের একজন। ২০২০ সালের ১৪ জুন পরপারে পাড়ি জমান এ তারকা। তাকে মুম্বাইতে নিজের ফ্ল্যাটে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া যায়। দিল বেচারা সিনেমাটি তার করা শেষ সিনেমা।
২০১৩ সালে কাই পো চে সিনেমাটি দিয়ে বলিউডে অভিষেক হয় এ তারকার। যদিও এর আগে থেকেই টেলিভিশনে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন সুশান্ত সিং রাজপুত।
সূত্র: ডিএনএ










