বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন দু বছর হলো। অসাধারণ কিছু সিনেমা উপহার
দিয়েছেন তিনি। মৃত্যুর আগে কাজ করা একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ইরফানের
দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিনেমাটি মুক্তি দেয়ার চিন্তা করা হয়েছিল। ‘আপনো সে বেওয়াফায়ি’ নামের সিনেমাটি
২৯ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু তা সম্ভব হয়নি। সিনেমার পরিবেশনার সঙ্গে যুক্ত পিয়ুশ শাহ বলেন, ‘আমরা চেয়েছি দর্শক যেন পরিবার নিয়ে সবার সঙ্গে
সিনেমাটি দেখে। সিনেমাটি পারিবারিক সিনেমা। কিন্তু এ সপ্তাহে আরো তিনটি সিনেমা
মুক্তি পাওয়ার কারণে এটি মুক্তি দেয়া হয়নি।’
আপনো সে বেওয়াফায়ির কাজ মূলত ২০১৯ সালে শেষ হয়। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে
সিনেমাটি মুক্তির পরিকল্পনাও করা হয়েছিল। কিন্তু অতিমারীর কারণে পরিকল্পনায়
পরিবর্তন আসে। সিনেমাটি ২০২০ সালের এপ্রিলে,
আংরেজি
মিডিয়ামের পরপর মুক্তি দেয়ার পরিকল্পনা করা হয়। কিন্তু ততদিনে লকডাউন শুরু হয়ে
যায়। এ সম্পর্কে ইরফানের কী ইচ্ছা ছিল তা জানতে চাইলে পিয়ুশ শাহ বলেন, ‘তিনি একজন ভদ্রলোক। তিনি বলেছিলেন আমরা যেন
সঠিক সময়ে মুক্তি দেই। তিনি পূর্ণ সহযোগিতা করেছিলেন।’
এ বছরের শুরুতে ইরফানের স্ত্রী সুতপা ইরফান এবং বাবিলের একটি ছবি প্রকাশ
করেছেন। সিনেমার সেটে বাবা ছেলেকে কথা বলতে দেখা যায়। সুতপা লেখেন, ‘ইরফান,
তুমি
কি আমাদের কথোপকথন মিস করো? বাবিল তোমার অভাব
খুব অনুভব করে। আমি কখনো তোমার শূণ্যতা পূরণ করতে পারব না।’
ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ইরফান খান চলে গেছেন। তাকে ফের জীবন্ত করে দর্শকদের সামনে আনতে পারে আপনো সে বেওয়াফায়ি। প্রকাশ ভালেকর পরিচালিত সিনেমাটি মুক্তির নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।
সূত্র: হিন্দুস্তান টাইমস










