জয়া আহসান অভিনীত সিনেমা পুতুলনাচের ইতিকথা এবার ঘরে বসেই উপভোগ করা যাবে। পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে গত ১ আগস্ট মুক্তি পাওয়ার পর ১৪ নভেম্বর সিনেমাটি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে।

সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত সিনেমাটির পরিচালক সুমন মুখোপাধ্যায়। মূল উপন্যাসের সময়কালকে সামঞ্জস্যপূর্ণ করতে তিনি গল্পের প্রেক্ষাপটকে এগিয়ে নিয়ে গেছেন, ত্রিশের শেষ থেকে চল্লিশের দশকের শুরুর দিকে। জয়া আহসান অভিনীত কুসুম চরিত্রের পাশাপাশি শশী ও কুমুদের চরিত্রে আছেন আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায় প্রমুখ।

এর আগে ‘বিসর্জন’ ও ‘বিজয়া’ সিনেমায় দর্শক প্রশংসা করেছেন জয়া ও আবীরের অনস্ক্রিন কেমিস্ট্রির জন্য। এবারো সেই রসায়ন দেখার সুযোগ মিলবে ঘরে বসেই। সিনেমার পরিপ্রেক্ষিতে জয়া আহসান প্রাকমুক্তির সময় জানিয়েছিলেন, বাংলাদেশের দর্শক যদি সিনেমাটি দেখতে পান, তিনি খুব খুশি হবেন। তিনি বলেন, ‘পুতুলনাচের ইতিকথা ভারতীয় নির্মাণ হলেও, মানিক বন্দ্যোপাধ্যায়ের গায়ে বাংলাদেশের আবহাওয়া লেগে আছে। সাহিত্যনির্ভর সিনেমা পছন্দ করা দর্শকের জন্য এটি অবশ্যই দেখার মতো।’

এদিকে ২ নভেম্বর দেশে ওটিটি প্লাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে জয়া অভিনীত আরো একটি সিনেমা ‘ফেরেশতে’। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত এ সিনেমার পরিচালক মুর্তজা অতাশ জমজম। গল্পটি সমাজের প্রান্তিক মানুষের সংগ্রাম ও মানবিকতার গল্পকে কেন্দ্র করে। ঢাকার এক রিকশাচালক স্বামী ও গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবনের গল্পে দেখা যাবে বঞ্চনা, টিকে থাকার লড়াই ও অদম্য মানবিক শক্তি। স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। এছাড়া আরো আছেন শাহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু, শাহীন মৃধা, শিশুশিল্পী সাথী প্রমুখ। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল গত ১৯ সেপ্টেম্বর।