দক্ষিণী সিনেমার অভিনেতা থালাপাতি বিজয়ের মুক্তিপ্রতিক্ষীত ‘বিস্ট’ কুয়েতের পর কাতারেও নিষিদ্ধ করা হয়েছে। নেলসন পরিচালিত এ সিনেমা ১৩ এপ্রিল, বিশ্বব্যাপী একাধিক ভাষায় মুক্তি পেতে যাচ্ছে। তবে কয়েক দিন আগে কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হয়। এবার কাতারে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করা হলো।

সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ওমান, বাহরাইনে বড় সংখ্যক স্ক্রিনে মুক্তির প্রস্তুতি চলছে। ঠিক এ সময়ে কুয়েতে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করে স্থানীয় সরকার। কারণ সিনেমাটির গল্পে মুসলিমদের সন্ত্রাসী হিসেবে দেখানো হয়েছে। এবার একই কারণে সিনেমাটির মুক্তি নিষিদ্ধ করল কাতার সরকার। টিএন মুসলিম অ্যাসোসিয়েশন এ সিনেমা নিয়ে নিন্দা জানিয়েছে।

সিনেমাটি একের পর এক নিষেধাজ্ঞার মুখে পড়ায় বক্স অফিসে ক্ষতির মুখে পড়বে। কুয়েতে মুক্তি না পেলেও বক্স অফিসে তেমন প্রভাব পড়বে না। কিন্তু কাতারের বাজার গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা। এরই মধ্যে ‘বিস্ট’ সিনেমার হিন্দি ও তামিল ভার্সনের ট্রেলার মুক্তি পেয়েছে। সিনেমাটিতে বিজয় ‘র’ এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন। তার বিপরীতে অভিনয় করেছেন পূজা হেগড়ে।

এছাড়া অভিনয় করেছেন—ভিটিভি গণেষ, অপর্ণা দাস, যোগী বাবু, লিলিপুট ফারুকী, অঙ্কুর অজিত প্রমুখ। সান পিকচার্সের ব্যানারে নির্মিত হয়েছে তামিল ভাষার অ্যাকশন-ড্রামা ঘরানার এ সিনেমা। এটি পরিচালনা করেছেন নেলসন।

 

সূত্র: টাইমস অব ইন্ডিয়া