গতকাল ছিল বলিউডের অকালপ্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। ঘনিষ্ঠদের মধ্যে রিয়া চক্রবর্তী এদিন স্মরণ করেছেন তাকে। সুশান্ত-রিয়ার চার বছরের পরিচয় প্রেমে গড়িয়েছিল। তবে প্রেম সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা তারা কখনো দেননি। তবে মিডিয়ায় বারবার তাদের প্রেম নিয়ে খবর প্রকাশিত হচ্ছিল সুশান্তের মৃত্যুর বছরখানেক আগে থেকেই। সুশান্ত সিং রাজপুতের অকাল মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিল বলিউডকে।

সুশান্তের মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় রোষের মুখে পড়েন তার প্রেমিকা হিসেবে পরিচিত রিয়া চক্রবর্তী। সুশান্ত মৃত্যু মামলার মূল অভিযুক্ত হন রিয়া। সুশান্তের মৃত্যুর জন্য রিয়া চক্রবর্তী ও তার পরিবারকে দায়ী করেছিলেন অভিনেতার বাবা কেকে সিং। তিনি পাটনা পুলিশে অভিযোগও দায়ের করেন। গ্রেফতার হন রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তী। হাজতবাসও করতে হয় তাদের। মুক্তি পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন অভিনেত্রী। অবশ্য এখনো বলিউডে নতুন কাজের প্রস্তাব পাননি। তবে বিভিন্ন অনুষ্ঠানে সরব উপস্থিতি তার।

সুশান্তের মৃত্যুতে কোনো অস্বাভাবিকতা খুঁজে পায়নি মুম্বাই পুলিশ। পুরো বিষয়টিকে আরো খতিয়ে দেখার দায়িত্ব পড়ে সিবিআইয়ের কাঁধে। কিন্তু এখনো ২২ মাস কাটলেও কাটেনি ধোঁয়াশা।

সুশান্তের মৃত্যুবার্ষিকীতে গতকাল তাকে স্মরণ করলেন রিয়া চক্রবর্তী। লিখেছেন, ‘তোমাকে প্রতিদিন মিস করি।’ সুশান্তের সঙ্গে কাটানো রোমান্টিক সব মুহূর্তের ছবি এদিন উঠে আসে রিয়ার ইনস্টাগ্রামের দেয়ালে।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস