ম্যাডক ফিল্মস তাদের হরর ইউনিভার্স এগিয়ে নিচ্ছে। কিছুদিন আগে মুক্তি পেল এ ইউনিভার্সের সিনেমা থাম্মা। এতে অভিনয় করেছেন রাশমিকা মানদানা ও আয়ুষ্মান খুরানা। সিনেমাতে ছিল একাধিক আইটেম সং। সম্প্রতি সিনেমার নির্মাতা আদিত্য সরপোতদার জানালেন এ ইউনিভার্সের ‘আয়রন ম্যান’ হতে পারেন শাহরুখ খান।
হরর ইউনিভার্সের জনপ্রিয়তা ও বিস্তৃতির কারণে এর সঙ্গে আরো বড় তারকাদের যুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। অনেকে নানা রকম নিজস্ব ধারণা থেকে কথা বলছেন। সেই সূত্রেই এসেছে শাহরুখ খান প্রসঙ্গ। বিষয়টি নিয়ে মজাও করেছেন আদিত্য। তিনি বলেন, ‘শাহরুখ খান এখানে কী করবেন? তার মতো একজন তারকাকে যুক্ত করতে হলে তাকে একটা আলাদা সিনেমা দিতে হবে। কিন্তু কোন চরিত্রে দেয়া যাবে এমন মাপের একজন অভিনেতাকে?’
স্ক্রিনের সঙ্গে এই কথোপকথনে তার তোলা প্রশ্নের উত্তরে শাহরুখ খানকে থ্যানোসের মতো সুপার ভিলেন চরিত্র দেয়ার প্রস্তাব করা হয়। কিন্তু বিষয়টি উড়িয়ে দেন আদিত্য। তিনি বলেন, ‘না না। সেটা একেবারেই ভালো হবে না। তিনি ডর, রাম জানের মতো সিনেমায় খল চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু এখন তিনি এমন জায়গায় আছেন যে তাকে একটা গুরুত্বপূর্ণ চরিত্র দিতে হবে। যে সবাইকে একসাথে ধরে রাখে। ক্যাপ্টেন আমেরিকার মতো। না না, তারচেয়েও ভালো হবে আয়রন ম্যানের মতো কোনো চরিত্র।’
তবে শাহরুখ খান এরই মধ্যে রা. ওয়ান করেছেন। আদিত্য মনে করেন শাহরুখ খান এ ধরনের সিনেমা বা চরিত্র নিজের আইডিয়া অনুসারে করতে পছন্দ করেন। এর মধ্য দিয়েই আদিত্য বোঝালেন যে আপাতত হরর ইউনিভার্সে শাহরুখ খান আসছেন না।
সূত্র: স্ক্রিন










