এ প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। টিভি নাটকে তিনি নিজের অবস্থান ধরে রেখেছেন। তবে সেটা একদিনে হয়নি। দীর্ঘ সময় অভিনয়ে আছেন তানিয়া। চ্যানেল আই আয়োজিত ‘ভিট তারকা’য় সেকেন্ড রানারআপ হয়ে মিডিয়ায় তার যাত্রা হয়েছিল। অভিনীত প্রথম নাটক ছিল আজ থেকে এক যুগ আগে ‘ঝুঁকির মধ্যে আছি’। এতে তার সহশিল্পী ছিলেন আ খ ম হাসান। তবে এ নাটক প্রচারে আসেনি। প্রথম প্রচারে আসে শরাফ আহমেদ জীবনের গ্রামীণফোনের একটি বিজ্ঞাপন। এতে মডেল হিসেবে কাজ করেছিলেন তিনি। এরপর তার অভিনীত নাটক প্রচারে আসতে শুরু করে।

অভিনয় জীবনের এ সময়ে এসে তানিয়া বৃষ্টি বলেন, ‘মহান আল্লাহর প্রতি অসীম কৃতজ্ঞতা। কৃতজ্ঞ আমার বাবা-মায়ের প্রতি। কৃতজ্ঞ চ্যানেল আই পরিবার বিশেষত সাগর স্যার, হাসান ভাই, রায়হান খান ভাই, কৃতজ্ঞ নির্মাতা জাকিউল ইসলাম রিপন ভাইয়ের প্রতি, কারণ তিনিই প্রথম অনুভব করেন যে আমি অভিনয় করতে পারি, আমাকে দিয়ে চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করানো সম্ভব। যে কারণে আমাকে নিয়ে “‍পিনিকেই ঝিনিক” নাটকে অভিনয় করান। বিশেষভাবে কৃতজ্ঞ মোশাররফ করিম ভাইয়ের কাছে। কৃতজ্ঞ আমার সব সহশিল্পী, সব নাটকের পরিচালক, ইউনিটসহ আমার ভক্ত দর্শকের প্রতি।’

২০২২ থেকে ২০২৫ অর্থাৎ আজ অব্দি বৃষ্টি একের পর এক ভালো ভালো গল্পের নাটকেই নিয়মিত অভিনয় করে যাচ্ছেন। এমনও দেখা গেছে যে শারীরিকভাবে তিনি মাঝেমধ্যে অসুস্থ হয়ে গেলেও শিডিউল সমন্বয় করতে গিয়ে তাকে এমন অবস্থায়ও কাজ করতে হয়েছে। এককথায় দর্শকের যেমন এ সময়ের পছন্দের অভিনেত্রী বৃষ্টি, তেমনি প্রযোজক-নির্মাতারাও তার ওপর অনায়াসে আস্থা রাখছেন। সাম্প্রতিক সময়ে তার অভিনীত আলোচিত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মেথর’, ‘সানগ্লাস ফ্যামিলি’, ‘জামাই বউ চোর’, ‘বউ বেশি বুঝে’ ইত্যাদি।