এইচবিওর জন্য গেম অব থ্রোনস সোনার ডিম পাড়া হাঁস। আর এই সিরিজের সবচেয়ে জনপ্রিয় চরিত্র জন স্নো। জন স্নো চরিত্রকে কেন্দ্র করে সিক্যুয়াল সিরিজ নির্মাণ করতে যাচ্ছে এইচবিও। গেম অব থ্রোনসের কিট হ্যারিংটনকেই দেখা যাবে জন স্নোর চরিত্রে। জজ আর আর মর্টিনের উপন্যাস অবলম্বনে নির্মিত গেম অব থ্রোনস সিরিজে জন স্নোর চরিত্রে অভিনয় করে কিট বিশ্বে তার ভক্তকুল তৈরি করেছেন। আর নতুন এ স্পিনঅফ সিরিজ নিয়ে তাই ভক্তরা উচ্ছ্বসিত।

গেম অব থ্রোনসের সিজনগুলোয় জন স্নো ছিলেন ভক্তদের অন্যতম প্রিয় চরিত্র। সিজন সেভেনের শেষে এসে জানা গিয়েছিল তার প্রকৃত নাম এগন টারগারিয়ান। ফলে তিনি হয়ে ওঠেন আয়রন থ্রোনের বৈধ উত্তরাধিকারদের একজন। কিন্তু সিরিজের শেষে দেখা যায় স্নো রাজধানী ছেড়ে তার সঙ্গীদের নিয়ে ক্যাসেল ব্ল্যাকে চলে যান।

পঞ্চম সিজনের শেষে জন স্নো মারা গিয়েছিলেন। পরের সিজনে রেড উইচ মেলিসান্দ্রে তাকে পুনরুজ্জীবিত করেন। হ্যারিংটন এ চরিত্রটি করতে গিয়ে তার শারীরিক ও মানসিক চ্যালেঞ্জ নিয়ে মাঝে মাঝে কথা বলেছেন। অবশ্য তিনি ব্যর্থ হননি। বিশ্বে পেয়েছেন অসংখ্য ভক্ত।

থ্রোনসের আটটি সিজন শেষ করে হ্যারিংটন যুক্ত হয়েছেন মার্ভেলের সিনেম্যাটিক ইউনিভার্সে। ২০২১ সালে তাকে দেখা গেছে এটারনালসে। সম্প্রতি তিনি ইংল্যান্ডের ন্যাশনাল থিয়েটারে শেকসপিয়রের হেনরি ফাইভের লাইভ প্রডাকশনে মুখ্য চরিত্রে অভিনয় করছেন।

গেম অব থ্রোনসের অন্তত সাতটি স্পিনঅফস সিরিজ নিয়ে এগোচ্ছে এইচবিও এবং এইচবিও ম্যাক্স। এর মধ্যে আছে হাউজ অব ড্রাগন, যেখানে গেম অব থ্রোনসের টারগারিয়ার যুদ্ধের আগের ইতিহাস দেখানো হবে। এ সিরিজ ২১ আগস্ট মুক্তি পাওয়ার কথা। প্রথম সিরিজে থাকবে ১০ পর্ব।

 

সূত্র: হলিউড রিপোর্টার