মানব পাচার সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে করা হচ্ছে কনসার্ট। সুইজারল্যান্ড দূতাবাস, বাংলাদেশের সহযোগিতায় উইনরক ইন্টারন্যাশনাল পরিচালিত ‘আশ্বাস: মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য’ প্রকল্পের মাসব্যাপী প্রচারণার অংশ হিসেবে দেশের চার জেলায় আয়োজন করা হয়েছে ‘সচেতনতামূলক কনসার্ট ও প্রামাণ্যচিত্র প্রদর্শন’। এ উপলক্ষে আজ কক্সবাজারে হচ্ছে একটি কনসার্ট। এতে গান গাইবেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম।
এরই মধ্যে খুলনা, সাতক্ষীরা ও যশোরে মানব পাচার প্রতিরোধ ও সারভাইভারদের সুরক্ষা কার্যক্রমের এ আয়োজন সফলভাবে শেষ হয়েছে। আর ২৭ মে কক্সবাজারে অনুষ্ঠিত হবে এ আয়োজনের সমাপনী কনসার্ট। উইনরক ইন্টারন্যাশনালের এ মানব পাচারবিরোধী প্রচারণার সঙ্গে একাত্ম প্রকাশ করে কক্সবাজারের লাবনী পয়েন্টে অনুষ্ঠিতব্য কনসার্টে অংশ নেবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম ও ব্যান্ড মাদল।
এছাড়া অনুষ্ঠানে মানব পাচারবিরোধী একটি ‘পট গান’ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা, সমাজে মানব পাচারের শিকার সারভাইভারদের অধিকারবিষয়ক উইনরক ইন্টারন্যাশনাল প্রণীত প্রামাণ্যচিত্র ‘আগুন পাখি’ প্রদর্শন করা হবে। বিকাল ৪টা থেকে কনসার্টটি চলবে রাত ৮টা পর্যন্ত আর এটি সবার জন্য উন্মুক্ত।
বিজ্ঞাপনী সংস্থা কুল এক্সপোজারের সার্বিক ব্যবস্থাপনায় ৪ মে খুলনায় এ আয়োজনের উদ্বোধনী কনসার্ট অনুষ্ঠিত হয়। যেখানে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী চন্দনা মজুমদার ও ব্যান্ড ডিফারেন্ট টাচ।
একই ধারাবাহিকতায় ৭ মে সাতক্ষীরায় অনুষ্ঠিত কনসার্টে ছিলেন চন্দনা মজুমদার ও সন্দীপন। ১০ মে যশোরে অনুষ্ঠিত কনসার্টে গান পরিবেশন করে জলের গান ও সন্দীপন।










