উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর তার কণ্ঠ ও গায়কি দিয়ে সবার মন জয় করেছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন উদারমনা। তবে তার কিছু নিজস্ব নিয়ম ছিল, যেসব পালনে এ তারকা ছিলেন কঠোর। তার বোন, আরেক বিশিষ্ট সংগীতশিল্পী আশা ভোঁসলে কিছুদিন আগে মুম্বাইয়ে প্রথমবারের মতো লতা দীননাথ মঙ্গেশকর পুরস্কার অনুষ্ঠানে বক্তৃতা দেয়ার সময় প্রয়াত কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরকে নিয়ে কথা বলেছেন। আশা বলেন, ‘একবার দিদিকে একটি বিয়েতে গান গাওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল। কিন্তু তিনি প্রস্তাবটি নাকচ করে দিয়েছিলেন।’

আশা ভোঁসলে আরো বলেন, “কেউ একজন আমাদের বিয়ের অনুষ্ঠানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ করেছিলেন। দিদি আমাকে জিজ্ঞেস করেছিল, ‘তুমি কি বিয়েতে গান গাইবে?’ আমি বলেছিলাম আমি করব না এবং দিদি তখন আমাদের প্রস্তাব দিতে আসা ব্যক্তিটিকে বলেছিলেন, ‘আপনি ১০ কোটি ডলার প্রস্তাব করলেও আমরা গাইব না, কারণ আমরা বিয়েতে গান করি না।’ সত্যি বলতে ওই ব্যক্তিটি খুব হতাশ হয়েছিলেন আমাদের উত্তর শুনে।”

আশা ভোঁসলে লতাকে নিয়ে বলেন, ‘হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার অবদান ছিল অনেক। তিনি নিশ্চিত করেছিলেন যে গায়কদের নাম রেকর্ডে থাকবে। দিদির বিখ্যাত গান আয়েগা আনেওয়ালা দিয়েই এর সূত্রপাত। পর্দায় কণ্ঠশিল্পীদের নাম প্রকাশ করার ধারাও এসেছিল দিদির জন্য। এছাড়া কণ্ঠশিল্পীদের গানের জন্য রয়্যালটির ব্যবস্থায়ও দিদির অবদান ছিল।’

শৈশবের একটি স্মৃতি স্মরণ করে আশা বলেন, ‘লতা একবার তাদের মা-বাবার পা ধুয়ে জল পান করতে বলেছিলেন। সত্যি আমরা বোনেরা এটা করেছিলাম এবং আমি মনে করি সেই আশীর্বাদ আজও আমাদের সঙ্গে রয়েছে।’

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ৯২ বছর বয়সী লতা মঙ্গেশকর পরপারে পাড়ি জমান।

 

সূত্র: হিন্দুস্তান টাইমস