একাডেমি অব মোশন পিকচার্স তাদের নতুন সদস্যদের আমন্ত্রণ করেছে। এবার আমন্ত্রিত হয়েছেন ৩৯৭ জন সিনেমা ব্যক্তিত্ব। এর মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন। প্রথম তামিল অভিনেতা হিসেবে অস্কার কমিটিতে ডাক পেয়েছেন সুরিয়া। সোরুরাই পোটরু ও জয় ভিম সিনেমা তাকে আন্তর্জাতিক খ্যাতি এনে দিয়েছে। সে কারণে একাডেমি তাকে সদস্য পদের জন্য বিবেচনা করেছে। এ তথ্য জানানোর আগে অস্কারের ইউটিউব চ্যানেলে জয় ভিম সিনেমার একটি দৃশ্য আপলোড করা হয়েছে এবং এটিকে বলা হয়েছে সিন অ্যাট দি একাডেমি। এখানে মূলত জয় ভিমের শুরুর ১৩ মিনিটের দৃশ্য রাখা হয়েছে।
এ বছর একাডেমি থেকে আমন্ত্রিত ভারতীয়দের তালিকায় আরো আছেন লেখক-পরিচালক রিমা কাগতি, অভিনেত্রী কাজল, প্রযোজক আদিত্য সুদ, ডকুমেন্টারি নির্মাতা সুস্মিত ঘোষ ও রিন্টু থমাস। একাডেমি সাধারণত সিনেমার সঙ্গে জড়িত প্রতিটি বিভাগ থেকেই সদস্য আহ্বান করে। এছাড়া আরো কিছু নীতি তাদের রয়েছে। ভ্যারাইটি থেকে জানা যায়, এবার আমন্ত্রিত সদস্যদের মধ্যে ৪৪ শতাংশ নারী ও ৩৭ শতাংশ কোনো না কোনোভাবে পিছিয়ে পড়া অংশ থেকে নেয়া হয়েছে। এছাড়া ৫০ শতাংশ সদস্য আহ্বান করা হয়েছে যুক্তরাজ্যের বাইরে থেকে। এর মধ্যে ৭১ জন অস্কার মনোনয়ন পাওয়া এবং একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছেন ১৫ জন। তালিকায় আছেন অ্যানা টেইলর, বিলি আইলিশ, জেমি ডোরনান।
গত কয়েক বছরে দক্ষিণ ভারতীয় সিনেমা অনেক এগিয়ে গেছে। গল্প থেকে শুরু করে সিনেমাটোগ্রাফি, প্রতিটি ক্ষেত্রেই উত্তরোত্তর উন্নতি করছে তারা। অস্কার কমিটির পক্ষ থেকে সুরিয়ার এ আমন্ত্রণ তামিল ও দক্ষিণ ভারতীয় সিনেমার জন্যও সুখবর।
সূত্র: হিন্দুস্তান টাইমস










