নেটফ্লিক্সের অ্যাডাপ্টেশন ‘অল কোয়ায়েট অন
দ্য ওয়েস্টার্ন ফ্রন্টে’ অভিনয় করে বিশ্বজুড়ে দর্শকদের চোখে পানি এনে দিয়েছেন ফেলিক্স
কামারার। যদিও এই চরিত্রে নির্মাতাদের প্রথম পছন্দ ছিলেন ড্যানিয়েল রেডক্লিফ। সিনেমাটির
চিত্রনাট্যকার লেসলি প্যাটারসন এই তথ্য শেয়ার করেন।
২০১১ সালে সবে তুমুল জনপ্রিয় ‘হ্যারি পটার’
ফ্র্যাঞ্চাইজি শেষ করেছেন ড্যানিয়েল। তখনই নির্মাতারা পল বোমার চরিত্রে তাকে ভেবে রাখেন।
যার অন্যতম কারণ হলো, এই অভিনেতার জনপ্রিয়তা।
এরিক মারিয়া রেমার্ক মূল উপন্যাসটি লেখেন
১৯২৯ সালে। যা নিয়ে আগেও সিনেমা হয়েছিল। ২০১১ সালে যখন নতুন করে ভাবা হচ্ছিল, তখন সামনে
এসে পড়ে তহবিলের সমস্যা।
ডেইলি মিররকে লেসলি বলেন, ১৬ বছর আগে যখন
আমরা ভাবছিলাম, তখন পরিস্থিতি ভিন্ন ছিল। জার্মান-ভাষার একটি সিনেমার জন্য আমাদের কাছে
তহবিল ছিল না। আমরা জার্মান উচ্চারণে ইংরেজি বলে এমন কাউকে খুঁজছিলাম, যার নামের কারণে
বিনিয়োগ পাওয়া যাবে। ওই সময় ড্যানিয়েল রেডক্লিফ সবে হ্যারি পটার শেষ করেছেন।
তিনি জানান, শুধু ড্যানিয়েল তহবিল জোগানোর
জন্য যথেষ্ট ছিলেন না। বরং ‘হ্যারি পটার’ ব্র্যান্ডই তাকে বেশি পরিচিত করে তুলেছিল।
লেসলি বলেন, আমরা খুব দ্রুত বুঝতে পেরেছিলাম,
তিনি একজন দুর্দান্ত অভিনেতা হলেও এই ছবির জন্য সঠিক বাছাই নন। তার নামের ওপর কোনো
অর্থও আসেনি।
মূল পরিকল্পনার বেশ দেরিতেই সিনেমাটি তৈরি
হয়। গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া এডওয়ার্ড বার্জার পরিচালিত ‘অল কোয়ায়েট অন দ্য
ওয়েস্টার্ন ফ্রন্ট’-এর বাজেট ছিল ২ কোটি ডলার।









