বিশ্ববিখ্যাত ভারতীয় সেতারবাদক রবি শঙ্করের জন্মশতবর্ষের আয়োজনে গাইলেন বিখ্যাত সংগীত তারকা জর্জ হ্যারিসনের ছেলে ড্যানি হ্যারিসন। রবি শঙ্করের জন্মশতবর্ষ স্মরণে যুক্তরাজ্যের লন্ডনের সাউথব্যাংক সেন্টারে আয়োজিত ‘শঙ্কর ১০০’ কনসার্টে রবি শঙ্করের লেখা গান পরিবেশন করেন ড্যানি। শ্রীকৃষ্ণকে নিয়ে রবি শঙ্করের লেখা ভক্তিমূলক গান ‘আই অ্যাম মিস ইউ’ পরিবেশন করেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন তার বাবা জর্জ হ্যারিসন।

অনুষ্ঠানের পর এক ফেসবুক পোস্টে ড্যানি জানান, তার বাবা জর্জ হ্যারিসনের প্রযোজনায় রবি শঙ্করের চ্যান্টস অব ইন্ডিয়া অ্যালবামের প্রভুজি গানটি পরিবেশন করেছেন তিনি। এতে অর্কেস্ট্রায় ছিলেন রবি শঙ্করের মেয়ে আনুশকা শঙ্কর। তাদের সঙ্গে সুর মিলিয়েছেন রবি শঙ্করের কয়েকজন শিষ্য।

ব্যক্তিজীবনের দুই বন্ধু রবি শঙ্কর ও জর্জ হ্যারিসন বিশ্বজুড়ে সুরের মায়াজাল ছড়িয়েছেন। তাদের রেখে যাওয়া অমলিন গানগুলো শ্রোতাদের সামনে নিয়ে আসছেন তার উত্তরাধিকাররা।

গানটি পরিবেশনের সময় তার সঙ্গে রবি শঙ্করের স্ত্রী সুকন্যা শঙ্করও গলা মিলিয়ে স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

জর্জ হ্যারিসন ও তার দ্বিতীয় স্ত্রী ওলিভিয়া হ্যারিসনের সংসারে জন্ম নেয়া ড্যানি যুক্তরাজ্যের পরিচিত গায়ক, সুরকারদের একজন।

গত ২৬ ফেব্রুয়ারি শুরু হওয়া এ আয়োজন আগামী ২৩ এপ্রিল পর্যন্ত চলবে বলে এক ফেসবুক পোস্টে জানান সুরকার ও সেতারবাদক আনুশকা। মা সুকন্যাকে নিয়ে পুরো আয়োজন সামলাচ্ছেন তিনি।

রবি শঙ্করের স্ত্রী সুকন্যার ঘরে জন্ম নেয়া আনুশকার শৈশব কেটেছে দিল্লি ও লন্ডনে। দুই সন্তানকে নিয়ে যুক্তরাজ্যেই বসবাস করছেন। নিজের সংগীতচর্চার পাশাপাশি রবি শঙ্কর ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন আনুশকা। এ ফাউন্ডেশনের আয়োজনে নিয়মিত বিভিন্ন আয়োজনে পারফর্ম করেন তিনি। ২০২০ সালের ৭ এপ্রিল রবি শঙ্করের শততম জন্মদিনে এ আয়োজনের পরিকল্পনা থাকলেও করোনাভাইরাসের কারণে তা দুই বছর পেছানো হয়।

একাত্তরে মুক্তিকামী বাঙালির সমর্থনে আয়োজিত কনসার্ট ফর বাংলাদেশের মূল দুই উদ্যোক্তা ছিলেন রবি শঙ্কর ও জর্জ হ্যারিসন। ভারত সরকারের আয়োজনে কনসার্ট ফর বাংলাদেশের পুনর্মঞ্চায়নের একটি পরিকল্পনার খবরও বেরিয়েছিল বছরখানেক আগে। আনুশকা ও ড্যানি হ্যারিসনের ওই আয়োজনে যুক্ত থাকার কথা বলা হয়েছিল সেই খবরে। তবে এখনো সেই কনসার্ট হয়নি।