নতুন অবতারে শাহরুখ খান তার ভক্তদের চমক দিয়েছেন। মঙ্গলবার এ তারকা কোমল পানীয় থামস আপের বিজ্ঞাপনের ভিডিও টুইট করেন। বিজ্ঞাপনটিতে শাহরুখকে অ্যাকশন অবতারে দেখানো হয়েছে। অন্যদিকে সালমান খানকে নিয়ে নতুন বিজ্ঞাপনের কাজ শুরু করেছে পেপসি।

বলিউড বাদশার শাহরুখের বহুল প্রতীক্ষিত ছবি পাঠানের থিম ঘিরেই থামস আপের নতুন এ বিজ্ঞাপনে ভিন্নভাবে পর্দায় এলেন এ তারকা। বিজ্ঞাপনটি বেশ ভালো সাড়া ফেলেছে। অনেকেই শাহরুখের তারিফ করছেন।   

পেপসির বহু বিজ্ঞাপনেই শাহরুখকে দেখা গিয়েছে। কারণ তিনি ছিলেন পেপসির পণ্যদূত। ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত পেপসির সঙ্গে যুক্ত ছিলেন শাহরুখ খান। অন্যদিকে দীর্ঘ সময় ধরে থামস আপের পণ্যদূতের দায়িত্ব ছিলেন সালমান খান।   

বর্তমানে এ ধারার পরিবর্তন এসেছে। সালমান খান পেপসির বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করছেন। শাহরুখের এ বিজ্ঞাপনের পর পেসসি প্রস্তুতি নিচ্ছে সালমানকে নিয়ে তাদের নতুন বিজ্ঞাপনের জন্য। মার্চের মাঝামাঝিতে বিজ্ঞাপনটি প্রচার করা হবে বলে ধারণা করা হচ্ছে। গ্রীষ্মের শুরুতে কোমল পানীয় বিক্রি বেড়ে যায়। তাই এ সময়েই বিজ্ঞাপনটি আসবে বলছেন সমালোচকরা।

এলজি, হুন্ডাই, রিলায়েন্স জিও, দুবাই ট্যুরিজমের মতো বেশকিছু জনপ্রিয় ব্র্যান্ডের পণ্যদূত শাহরুখ। মুম্বাইতে অ্যাটলি কুমারের ছবির শুটিং শুরু করেছেন এ তারকা। চলতি বছরের এপ্রিলে রাজকুমার হিরানির পরবর্তী ছবিতে কাজ শুরু করবেন শাহরুখ। অন্যদিকে টাইগার থ্রি নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এ ছবিতে তার বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে। 

 

সূত্র: হলিউড হাঙ্গামা