আঁধার ব্যান্ডের জনপ্রিয় একটা দিন। গানটি কয়েক বছর আগের হলেও এখনো শ্রোতাপ্রিয়। সম্প্রতি গানটি নতুনভাবে প্রকাশ হয়েছে। এ গানের কথা যৌথভাবে লিখেছেন নমন ও আবদার রহমান। গেয়েছেন সাকি। সুর ও সংগীতায়োজন করেছেন নমন। সম্প্রতি নমন ফিচারিং সাকির গানের মিউজিক ভিডিও জি সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।
এ প্রসঙ্গে নমন বলেন, ‘সাকিরের গায়কি ভালো। ওকে নিয়ে সামনে আরো ভালো কিছু কাজের পরিকল্পনা করছি। এ গানে সাকির কণ্ঠ, পারফরম্যান্স থেকে শুরু করে সবকিছুই দারুণ ছিল। তাছাড়া ভালো গান ধীরে হলেও শ্রোতামহলে পৌঁছায়। কখন গান ভাইরাল কিংবা ভিউ হবে এসব ভেবে কাজ করি না। ভালো গান হলে অবশ্যই শ্রোতারা শুনবে। আশা করি নতুন গানটি সবার পছন্দ হবে।’
সাকি কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘ক্যাকটাস’-এর প্রাক্তন ভোকাল। বর্তমানে তিনি ব্রহ্মপুত্র ব্যান্ডের ভোকাল। কলকাতার সিনেমার গানেও বেশ আলোচিত তিনি। এছাড়া ওটিটি প্লাটফর্মে মুক্তি পাওয়া ‘বুকের মধ্যে আগুন’ ওয়েব সিরিজের টাইটেল গান করে সাকি বেশ প্রশংসা কুড়াচ্ছেন শ্রোতামহলে। সম্প্রতি প্রকাশিত একটা দিন গানের জন্যও প্রশংসা পাচ্ছেন এ শিল্পী। এরই মাঝে নেটজনরা গানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা করছেন। এছাড়া সংগীত পরিচালক নমনের করা গানগুলো এর আগেও শ্রোতামহলে বেশ সাড়া ফেলেছিল। তার মধ্যে ‘আঁধার’, তাহসানের ‘কাল্পনিক প্রেম’, বিমল বাউলের ‘লালন রিটার্নস’, ‘ধুমতানা’ ও ‘আড়ালে ছিল’ উল্লেখযোগ্য। নতুন গানটি নিয়েও আশাবাদী তিনি। নমন মনে করেন, গানটি আগের গানের মতোই ভালোবাসা পাবে।’










